অর্থ আত্মসাতের অভিযোগে মাটিরাঙ্গায় সিএনজি সমিতির সভাপতির পদত্যাগ দাবি, সড়ক অবরোধ
![]()
জার্নাল প্রতিবেদক
সমিতির অর্থ আত্মসাৎ ও সাংগঠনিক নিয়ম ভঙ্গের অভিযোগে সভাপতির পদত্যাগের দাবিতে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন অটোরিকশা ও সিএনজি চালক সমবায় সমিতির সদস্যরা।
এ সময় বিক্ষুব্ধ চালকরা সভাপতির ছবি সংবলিত ব্যানার ও পোস্টারে আগুন ধরিয়ে প্রতিবাদ জানান।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালের দিকে মাটিরাঙ্গা-তানাক্কাপাড়া সড়কের তবলছড়ি চত্বরে এ মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রায় ঘণ্টাব্যাপী চলে এই অবরোধ, যার ফলে সংশ্লিষ্ট সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে চরম দুর্ভোগের সৃষ্টি হয়।

এর আগে সমিতির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে চালকদের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তবলছড়ি চত্বরে গিয়ে মানববন্ধনে রূপ নেয়।
মাটিরাঙ্গা উপজেলা অটোরিকশা ও সিএনজি চালক সমবায় সমিতি লিমিটেডের ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন সমিতির সদস্য কামাল হোসেন ও তাজুল ইসলাম। বক্তব্যে তারা অভিযোগ করে বলেন, “সমিতির সভাপতি আক্তার হোসেন সংগঠনের নীতিমালা উপেক্ষা করে সাধারণ চালকদের কষ্টার্জিত অর্থ ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন।” সভাপতির বিরুদ্ধে চরম স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে অবিলম্বে সমিতির আয়-ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ এবং তাঁর পদত্যাগের দাবি জানান বক্তারা।

অন্যদিকে, নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত সমিতি সভাপতি আক্তার হোসেন। তিনি বলেন, “একটি স্বার্থান্বেষী ও ক্ষমতালোভী চক্র পরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। চালক ভাইদের যেকোনো প্রশ্নের উত্তর এবং আয়-ব্যয়ের হিসাব দিতে আমি যেকোনো সময় প্রস্তুত।” একই সঙ্গে তিনি উল্লেখ করেন, ২০২৫ সালের ২০ জানুয়ারি বিধি মোতাবেক নির্বাচিত পূর্ণাঙ্গ কমিটির নিয়ম তান্ত্রিক সভাপতি তিনি।
অবরোধ চলাকালে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে উপস্থিত হন পৌর বিএনপির সভাপতি শাহ জালাল কাজল। তিনি আন্দোলনরত শ্রমিকদের সাথে কথা বলেন এবং তাদের ন্যায্য দাবি-দাওয়া দ্রুত সময়ের মধ্যে সমাধানের আশ্বাস দেন। তাঁর আশ্বাসের প্রেক্ষিতে চালকরা সড়ক অবরোধ প্রত্যাহার করে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
উক্ত প্রতিবাদ কর্মসূচিতে সমিতির সদস্য মো. ইকবাল, মো. মাসুদ, মনির হোসেন, রফিকুল ইসলাম, শাহীন শেখ ও আলমসহ শতাধিক সিএনজি চালক উপস্থিত ছিলেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।