পানছড়িতে দুর্যোগ প্রশমন দিবস পালিত, ঘর থেকেই সচেতনতা শুরুর আহ্বান ইউএনওর
![]()
জার্নাল প্রতিবেদক
“ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির পানছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৩ অক্টোবর) র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসন, পানছড়ির আয়োজনে এবং উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বাস্তবায়নে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা নাসরিনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাসেদুল ইসলাম, পানছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ এম এ বাসার, ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা লিটোন এবং বিডি ক্লিনের জেলা সমন্বয়ক মাহফুজ হোসেন সকাল। সভা সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ সুমন।
সভাপতির বক্তব্যে ইউএনও ফারহানা নাসরিন বলেন, দুর্যোগ মোকাবিলায় সরকারের উদ্যোগের পাশাপাশি পরিবার পর্যায় থেকেও সচেতনতা গড়ে তোলা জরুরি। ঘরবাড়ি নিরাপদ রাখা এবং দুর্যোগের সময় কী করণীয়, সে বিষয়ে আগে থেকেই প্রস্তুতি নিতে হবে। পরিবারের সদস্যদের মধ্যে সচেতনতা তৈরি করা গেলে দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর পাশাপাশি একটি দুর্যোগ সহনশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
তিনি দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় সবাইকে সচেতন থাকার পাশাপাশি প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ফায়ার সার্ভিসের সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।