নানিয়ারচরে ৯ হাজার টাকা ও এনআইডিসহ মানিব্যাগ ফিরিয়ে দিয়ে প্রশংসায় দুই শিক্ষার্থী
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙামাটির নানিয়ারচরে রাস্তায় কুড়িয়ে পাওয়া ৯ হাজার ৫৩০ টাকা ও জাতীয় পরিচয়পত্রসহ (এনআইডি) একটি মানিব্যাগ প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়ে প্রশংসায় ভাসছে দুই স্কুলশিক্ষার্থী। সততা ও দায়িত্ববোধের পরিচয় দিয়ে তারা স্থানীয় বাসিন্দা ও পুলিশের প্রশংসা কুড়িয়েছে।
নানিয়ারচর থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে নানিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী মো. সাদিক ও তার এক বন্ধু নানিয়ারচর মডেল মসজিদসংলগ্ন সড়ক দিয়ে স্কুলে যাওয়ার সময় রাস্তায় পড়ে থাকা একটি মানিব্যাগ দেখতে পায়। মানিব্যাগটিতে নগদ ৯ হাজার ৫৩০ টাকা ও একটি এনআইডি কার্ড ছিল। মানিব্যাগটি নিজেদের কাছে না রেখে সততার পরিচয় দিয়ে তারা সেটি নানিয়ারচর থানায় জমা দেয়।

পরে নানিয়ারচর থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম মানিব্যাগে থাকা এনআইডির ছবি নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেন। সেই পোস্ট দেখে মানিব্যাগের প্রকৃত মালিক সুভাষ চাকমা থানায় উপস্থিত হন। প্রয়োজনীয় প্রমাণ যাচাই শেষে থানা পুলিশের উপস্থিতিতে তাঁর হাতে মানিব্যাগ ও পুরো টাকা ফিরিয়ে দেওয়া হয়।
দুই শিক্ষার্থীর এমন সততা ও দায়িত্ববোধ স্থানীয় বাসিন্দাদের মধ্যে প্রশংসা কুড়িয়েছে। তাদের এই উদ্যোগ অন্যদের জন্যও সততা ও নৈতিকতার অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন স্থানীয়রা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।