পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে বিএসএফ মহাপরিচালকের বৈঠক, সীমান্ত নিরাপত্তা জোরদারে আলোচনা
![]()
জার্নাল প্রতিবেদক
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেছেন সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মহাপরিচালক প্রবীণ কুমার। বুধবার (১৪ অক্টোবর) কলকাতায় অনুষ্ঠিত এ বৈঠকে আন্তর্জাতিক সীমান্তের নিরাপত্তা পরিস্থিতি এবং বিএসএফের অভিযান পরিচালনার প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।
বিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে, বৈঠকে মহাপরিচালক প্রবীণ কুমার পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সীমান্তের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি এবং সীমান্তে দায়িত্ব পালনকারী বিএসএফ ইউনিটগুলোর কার্যক্রম পরিচালনার প্রস্তুতি সম্পর্কে মুখ্যমন্ত্রীকে অবহিত করেন।
সীমান্ত অবকাঠামো নির্মাণের জন্য জমি বরাদ্দ দেওয়ায় রাজ্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিএসএফ মহাপরিচালক। এসব জমি সীমান্ত নিরাপত্তাব্যবস্থা আরও শক্তিশালী করা এবং সম্ভাব্য যেসব স্থানে সীমান্ত বেড়ার ঘাটতি রয়েছে, সেগুলো পূরণে সহায়তা করবে বলে জানানো হয়।
বৈঠকে সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করতে সব নিরাপত্তা সংস্থার মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়। কার্যকর সমন্বয়ের মাধ্যমে সীমান্তজুড়ে একটি শক্তিশালী ও নির্ভরযোগ্য নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলার বিষয়ে উভয় পক্ষের অঙ্গীকারের কথা তুলে ধরা হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।