রামগড়ে দুর্গাপূজার দুই মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান দিলেন জোন অধিনায়ক
![]()
জার্নাল প্রতিবেদক
শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদ্যাপনে খাগড়াছড়ির রামগড়ে দুটি পূজামণ্ডপ পরিদর্শন করে আর্থিক অনুদান দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রামগড়ের শ্রী শ্রী দক্ষিণেশ্বরী কালীমন্দির ও শ্রী শ্রী বাসন্তী কালীমন্দির পরিদর্শন করেন ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান উল ইসলাম।
এ সময় তিনি মন্দির দুটির সংশ্লিষ্ট ব্যক্তিদের হাতে আর্থিক অনুদান তুলে দেন।
বিজিবি সূত্রে জানা যায়, পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখার পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও আস্থা জোরদার করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ধর্মীয় উৎসবগুলো যেন সবাই নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন করতে পারেন, সে লক্ষ্যেও স্থানীয় পর্যায়ে সহযোগিতা ও সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
অনুদান প্রদান শেষে লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান উল ইসলাম এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দেন।
এ সময় রামগড় জোনের সহকারী পরিচালক মো. শামসুল হক, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম, পৌর বিএনপির সভাপতি বাহার উদ্দিন, পূজা উদ্যাপন কমিটির সভাপতি বাদল চন্দ্র নাথসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।