বান্দরবানে দুর্গোৎসব উপলক্ষে শতাধিক সনাতনী নারীর মাঝে বস্ত্র বিতরণ
![]()
জার্নাল প্রতিবেদক
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বান্দরবানে শতাধিক সনাতন ধর্মাবলম্বী নারীর মাঝে শাড়ি বিতরণ করেছে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের বান্দরবান জেলা শাখা। উৎসবের আনন্দ ভাগাভাগি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য জোরদারের লক্ষ্যে এ আয়োজন করা হয়।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে বান্দরবান জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনাতন ধর্মাবলম্বী নারীদের হাতে শাড়ি তুলে দেন জেলা বিএনপির সদস্য সচিব মো. জাবেদ রেজা।
অনুষ্ঠানে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. জসীম উদ্দিন তুষার ও চনুমং, বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় দুর্গামন্দিরের সাধারণ সম্পাদক রিটল কান্তি বিশ্বাস, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের বান্দরবান জেলা শাখার আহ্বায়ক রাজু কর্মকার, সদস্য সচিব উজ্জল নাথসহ সনাতন ধর্মাবলম্বী নারী এবং জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. জাবেদ রেজা শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, এ ধরনের আয়োজন সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের এক অনন্য উদাহরণ। সমাজের মানুষের মধ্যে সহযোগিতা, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ আরও জোরদার করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
আয়োজকেরা জানান, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নারীদের মাঝে শাড়ি বিতরণের মূল উদ্দেশ্য হলো উৎসবের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়া। তাঁদের মতে, এই উপহার শুধু একটি শাড়ি নয়, বরং ভালোবাসা, আন্তরিকতা ও সম্প্রীতির প্রতীক। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে মিলেমিশে দুর্গোৎসব উদযাপন এবং পারস্পরিক বন্ধন আরও দৃঢ় করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
আয়োজকেরা আরও জানান, প্রতি বছর শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের বান্দরবান জেলা শাখার উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে শাড়ি, পাঞ্জাবিসহ বিভিন্ন উপহারসামগ্রী বিতরণ করা হয়। এ ধরনের উদ্যোগ উৎসবের আনন্দ ছড়িয়ে দেওয়ার পাশাপাশি মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সহযোগিতার মনোভাব জাগ্রত করতে সহায়তা করে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।