চন্দ্রঘোনায় দক্ষতা উন্নয়ন কর্মশালা, অংশ নিলেন ৩০ সদস্য
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙামাটির কাপ্তাইয়ে গ্রাম উন্নয়ন ও নারী উন্নয়ন কমিটির সদস্যদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের সামাজিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে আয়োজিত এ কর্মশালায় গ্রাম উন্নয়ন ও নারী উন্নয়ন কমিটির ৩০ জন সদস্য অংশ নেন।
চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের আয়োজনে কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হানুল ইসলাম। এ সময় তিনি বলেন, প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত দক্ষতা যথাযথভাবে কাজে লাগাতে হবে। এর মাধ্যমে নিজেদের স্বাবলম্বী করে তোলার পাশাপাশি প্রশিক্ষণ গ্রহণের পর পারস্পরিক যোগাযোগ ও নেটওয়ার্কিং বাড়ানোর ওপরও গুরুত্ব দিতে হবে।
চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াংয়ের সভাপতিত্বে কর্মশালায় সঞ্চালনা করেন কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের এমআইএস সুপারভাইজার ওয়াংসুইনু মারমা। এতে বক্তব্য দেন কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত এবং হাসপাতালটির কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমা।
দিনব্যাপী কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে প্রশিক্ষণ ও আলোচনা পরিচালনায় উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান এবং উপজেলা বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) কর্মকর্তা আবদুল্লাহ আল বাকের।
কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারীদের দক্ষতা উন্নয়ন, অর্জিত জ্ঞান বাস্তব ক্ষেত্রে প্রয়োগ এবং নিজেদের স্বাবলম্বী করে তোলার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।