টেকনাফে পাহাড়ে অভিযান, একনলা বন্দুকসহ আটক ১
![]()
জার্নাল প্রতিবেদক
কক্সবাজারের টেকনাফে পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে একনলা বন্দুকসহ মো. করিম নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি, তিনি ডাকাত দলের সঙ্গে জড়িত।
শনিবার (১৮ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী কম্বনিয়া পাহাড়ি এলাকায় এ অভিযান চালানো হয়। আটক করিম টেকনাফের হ্নীলা ইউনিয়নের খারাংখালী মহেশখালীয়া পাড়ার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির সদস্যরা জানতে পারেন, খারাংখালী কম্বনিয়া পাহাড়ি এলাকায় ডাকাত সন্দেহে এক ব্যক্তিকে আটক করে রেখেছেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মো. করিমকে নিজেদের হেফাজতে নেয়।
পরে আটক করিমের দেওয়া তথ্যের ভিত্তিতে পাহাড়ি এলাকার জঙ্গলে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক হাফিজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পাহাড়ি এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর তাঁকে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।
পুলিশের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পাহাড়ি এলাকায় অপরাধমূলক তৎপরতা প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
এদিকে, একনলা বন্দুকসহ করিম আটকের ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে বলে জানা গেছে। পাহাড়ি এলাকায় অপরাধীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।