মিয়ানমারের ৫৫টি এলাকায় জরুরি অবস্থার মেয়াদ আরও ৯০ দিন বাড়ল
![]()
জার্নাল প্রতিবেদক
মিয়ানমারের ৫৫টি টাউনশিপে জারি থাকা জরুরি অবস্থার মেয়াদ আরও ৯০ দিন বাড়ানোর অনুমোদন দিয়েছে দেশটির ইউনিয়ন পার্লামেন্ট। গত ১৬ অক্টোবর পার্লামেন্টের তৃতীয় নিয়মিত অধিবেশনের তৃতীয় ইউনিয়ন পার্লামেন্টের ষষ্ঠ দিনের কার্যক্রমে এ প্রস্তাব নিয়ে আলোচনা শেষে তা অনুমোদন দেওয়া হয়।
পার্লামেন্টের প্রতিনিধি উ সোয়ে পেইং ৫৫টি টাউনশিপে আরও ৯০ দিনের জন্য জরুরি অবস্থা বহাল রাখার পক্ষে মত দেন। এসব এলাকায় প্রশাসনিক কার্যক্রম, জনশান্তি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো স্বাভাবিক অবস্থায় ফেরেনি বলে উল্লেখ করেন তিনি। তবে মান্দালয় অঞ্চলের নগাজুন টাউনশিপ এবং শান রাজ্যের কিয়াউকমে ও হসিপাও টাউনশিপকে এ তালিকার বাইরে রাখা হয়েছে।
উ সোয়ে পেইং বলেন, অস্থিতিশীল এলাকাগুলোতে আইনের শাসন নিশ্চিত করা, জনগণের জীবন ও সম্পদ রক্ষা এবং প্রশাসনিক কার্যক্রম কার্যকরভাবে পরিচালনার জন্য আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি। তবে শুধু আদেশ জারি বা প্রশাসনিক ব্যবস্থা পরিবর্তন করলেই জরুরি পরিস্থিতির সমাধান হবে না। জননিরাপত্তার উন্নতি এবং মানুষের জীবিকা, স্বাস্থ্যসেবা ও শিক্ষার সুযোগ পুনরুদ্ধারের মতো বাস্তব ফলাফলের ভিত্তিতে এসব পদক্ষেপের কার্যকারিতা মূল্যায়ন করতে হবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ৫৫টি টাউনশিপে জরুরি অবস্থা ও সামরিক আইন বহাল রাখার পক্ষে মত দিয়ে তিনি মানুষের দৈনন্দিন জীবনযাত্রার উন্নয়নে ধারাবাহিক প্রচেষ্টা চালানোর ওপর গুরুত্ব দেন।
একই প্রস্তাবের পক্ষে মত দেন হসিপাও আসনের প্রতিনিধি উ কং থেট সান। তিনি বলেন, উত্তর শান রাজ্যে কিছু সংগঠন প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সামরিকতন্ত্রকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে, যার ফলে সাধারণ মানুষ নানা দুর্ভোগের শিকার হচ্ছে। এ পরিস্থিতি সতর্কতার সঙ্গে মোকাবিলা করা প্রয়োজন।
তিনি আরও বলেন, দেশ যেভাবেই পরিচালিত হোক না কেন, শেষ পর্যন্ত সংবিধান অনুসরণ এবং জাতীয় তিনটি মূলনীতি সমুন্নত রাখার বিষয়টি গুরুত্বপূর্ণ। আইনের শাসনকে তিনি পথনির্দেশক মানচিত্রের সঙ্গে এবং স্থিতিশীলতা ও শান্তিকে গাড়ির চাকার সঙ্গে তুলনা করেন। তাঁর ভাষ্য, পথনির্দেশনা ছাড়া গন্তব্য হারিয়ে যেতে পারে, আবার চাকা ছাড়া যাত্রাও এগিয়ে নেওয়া সম্ভব নয়। দেশের ভবিষ্যৎ উন্নয়নের জন্য আইনের শাসন, স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠা জরুরি বলেও মন্তব্য করেন তিনি।
পরে পার্লামেন্টের স্পিকার প্রেসিডেন্টের কার্যালয় থেকে জারি করা আদেশের আইনগত কার্যকারিতা আরও ৯০ দিন বাড়ানোর বিষয়ে সদস্যদের অনুমোদন চান। কোনো সদস্য আপত্তি না জানানোয় প্রস্তাবটি অনুমোদিত হয়েছে বলে ঘোষণা দেন স্পিকার।
মেয়াদ বাড়ানোর আওতায় থাকা ৫৫টি টাউনশিপ সাগাইং ও মাগওয়ে অঞ্চল এবং চিন, রাখাইন, কায়াহ (কারেনি), কারেন ও শান রাজ্যে অবস্থিত।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।