রাজস্থলীতে পাঁচ পূজামণ্ডপে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব সম্পন্ন
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙামাটির রাজস্থলী উপজেলায় উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন হয়েছে। উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে ভক্ত ও দর্শনার্থীদের উপস্থিতিতে ধর্মীয় আচার-অনুষ্ঠান ও আনন্দ-উৎসব পালিত হয়। দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে নেওয়া হয় বিশেষ নিরাপত্তাব্যবস্থা। নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ ও আনসার-ভিডিপির সদস্যরা।
উপজেলায় পাঁচটি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। মণ্ডপগুলো হলো রাজস্থলী বাজারের শ্রীশ্রী হরি মন্দির, বাঙ্গালহালিয়া বাজারের দক্ষিণেশ্বর কালীমন্দির, কুতুরিয়াপাড়া শিবমন্দির, ম্রংদংপাড়ায় প্রশান্ত বণিকের বাড়ির দুর্গামন্দির এবং ছাগলখাইয়া শ্রীশ্রী কৃষ্ণমন্দির। প্রতিটি মণ্ডপে পূজার বিভিন্ন আয়োজনে ভক্ত ও দর্শনার্থীদের উপস্থিতি ছিল।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মিঠুল চন্দ্র দে বলেন, প্রতিবছরের মতো এবারও রাজস্থলীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব উদযাপিত হয়েছে। পূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়। পূজা শুরু থেকে প্রতিমা বিসর্জন পর্যন্ত উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মণ্ডপগুলোর খোঁজখবর রেখেছেন।
রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইউছুফ হাসান বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, ধর্মীয় ভাবগাম্ভীর্য অক্ষুণ্ন রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছিল। পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রতিটি পূজামণ্ডপের জন্য বরাদ্দ করা খাদ্যশস্য ও নগদ অনুদান সংশ্লিষ্ট মণ্ডপে উপস্থিত থেকে বিতরণ করা হয়েছে বলেও জানান তিনি।
প্রতিমা বিসর্জনের বিষয়ে ইউএনও জানান, রাজস্থলী বাজারের শ্রীশ্রী হরি মন্দিরসংলগ্ন পুকুরে এবং বাঙ্গালহালিয়ার শ্রীশ্রী দক্ষিণেশ্বর কালীমন্দিরের প্রতিমা বাঙ্গালহালিয়া উচ্চবিদ্যালয়ের পুকুরে বিসর্জন দেওয়া হয়। বাকি তিনটি মণ্ডপের প্রতিমা চন্দ্রঘোনা কর্ণফুলী নদীতে বিসর্জন দেওয়া হয়েছে।
শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব সম্পন্ন হওয়ায় স্থানীয় পূজারি ও আয়োজকদের মধ্যে স্বস্তি দেখা গেছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।