বাঘাইছড়ির গঙ্গারামে শতাধিক পাহাড়িকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল সেনাবাহিনী
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার গঙ্গারাম (উজো বাজার) এলাকায় পাহাড়ি জনগোষ্ঠীর শতাধিক মানুষের মধ্যে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
শনিবার (২৫ অক্টোবর) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত বাঘাইহাট জোনের তত্ত্বাবধানে গঙ্গারাম বাজার এলাকায় এ চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় কাসালং ক্যাম্পের আওতাধীন গঙ্গারাম মুখ এলাকা ও আশপাশের বিভিন্ন গ্রামের বাসিন্দারা এ সেবা গ্রহণ করেন।

কার্যক্রমে বাঘাইহাট জোনের রেজিমেন্টাল মেডিকেল অফিসার ক্যাপ্টেন মো. হাবিবুল্লাহ হাবিব রোগীদের চিকিৎসাসেবা দেন। এক শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়।
সেনাবাহিনী জানায়, দুর্গম পাহাড়ি এলাকার মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে বাঘাইহাট জোনের আওতাধীন ভুয়াছড়ি, মাসালং ১৪ কিলো, গঙ্গারাম বাজার, বাঘাইহাট, মুশফিক, এমএ গাফফার বেসামরিক প্রাথমিক বিদ্যালয়, সাজেক পর্যটন এলাকার কমিউনিটি ক্লিনিক, ক্ষেত্রপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, রূপালী উচ্চ বিদ্যালয়, বঙ্গলতলী ও দক্ষিণ হাগলাছড়া এলাকায় পর্যায়ক্রমে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

এরই ধারাবাহিকতায় কাসালং ক্যাম্পের আওতাধীন গঙ্গারাম (উজো বাজার) এলাকায় স্থানীয় বাসিন্দাদের জন্য এ চিকিৎসাসেবা কার্যক্রমের আয়োজন করা হয়।
বাঘাইহাট জোনের পক্ষ থেকে জানানো হয়, দুর্গম এলাকার পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর চিকিৎসাসেবার বিষয়টি বিবেচনায় নিয়ে এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।