রামগড়ে ৪০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার আটক, গ্রেপ্তার ১
![]()
জার্নাল প্রতিবেদক
খাগড়াছড়ির রামগড়-জালিয়াপাড়া সড়কের পাতাছড়া ইউনিয়নের নাকাপা এলাকায় স্থানীয়দের সহযোগিতায় ৪০ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকারসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তির নাম সৈয়দ মোহাম্মদ খালেদ (২৯)। তিনি খাগড়াছড়ি সদর উপজেলার স্বনির্ভর এলাকার মো. হুমায়ুন কবির ও সালমা বেগমের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রামগড়গামী একটি প্রাইভেটকার দ্রুতগতিতে জালিয়াপাড়া সড়ক দিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হয়। তাঁরা বিষয়টি হাফছড়ি পুলিশ ফাঁড়িকে জানান। খবর পেয়ে পুলিশ গাড়িটির পিছু ধাওয়া করে নাকাপা বাজার এলাকায় সেটি আটক করতে সক্ষম হয়। এ সময় উত্তেজিত জনতা গাড়িটির সামনের গ্লাস ভাঙচুর করে।
পরে পুলিশ গাড়ির চালককে আটক করে প্রাইভেটকারটিতে তল্লাশি চালায়। এ সময় গাড়ির ভেতরে দুটি বস্তায় ৮০টি প্যাকেটে মোড়ানো ৪০ কেজি গাঁজা পাওয়া যায়। জব্দ করা প্রাইভেটকারটির নম্বর ঢাকা মেট্রো-খ-১১-৭২০৯। পরে আটক ব্যক্তি, গাঁজা ও গাড়িটি গুইমারা থানায় নেওয়া হয়।
বিষয়টি নিয়ে জানতে চাইলে রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম জানান, পুলিশ ধাওয়া করে স্থানীয়দের সহযোগিতায় প্রাইভেটকারসহ এক ব্যক্তিকে ৪০ কেজি গাঁজাসহ আটক করেছে। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং তাঁকে খাগড়াছড়ির আদালতে পাঠানো হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।