পাহাড়ে পর্যটন সংকটের অচলাবস্থা নিরসনে কাজ করছে সরকার: পার্বত্য মন্ত্রী
![]()
জার্নাল প্রতিবেদক
পার্বত্য চট্টগ্রামের পর্যটন খাতে সৃষ্ট সংকট ও অচলাবস্থা নিরসনে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরি। তিনি বলেন, সশস্ত্র সংগঠনগুলোর অপতৎপরতার কারণে দীর্ঘ তিন বছরের বেশি সময় ধরে বান্দরবানে পর্যটক আসতে পারেননি। এতে পর্যটন খাতে কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। নতুন করে সাজেককে কেন্দ্র করেও অচলাবস্থা তৈরি হয়েছে। এসব সমস্যা নিরসনে সরকার উদ্যোগী রয়েছে।
শনিবার সকালে খাগড়াছড়ি সার্কিট হাউসে জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সুধীজনদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় জেলার সার্বিক পরিস্থিতি, উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা, কৃষি, পর্যটন ও আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ জনস্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়।
মন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে বর্তমান সরকার ও প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত আন্তরিক। সেই আন্তরিকতার প্রতিফলন হিসেবে পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী পাহাড়ি জনগোষ্ঠী ও সমতলে বসবাসকারী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের আয়কর মওকুফ করা হয়েছে, যা ইতিহাসে প্রথম বলে তিনি উল্লেখ করেন। পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন, অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ ও উন্নয়ন প্রক্রিয়াকে এগিয়ে নিতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।
পার্বত্য চট্টগ্রাম চুক্তির বাস্তবায়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, অতীতের সরকারগুলো যেভাবে চুক্তি বাস্তবায়নে কাজ করেছে, বর্তমান সরকারও সেই ধারাবাহিকতায় কাজ করবে। একই সঙ্গে পার্বত্য অঞ্চলে টেকসই শান্তি প্রতিষ্ঠা ও উন্নয়ন নিশ্চিত করতে সব জাতিগোষ্ঠীর মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
মতবিনিময় সভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও খাগড়াছড়ির সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভূইয়া বলেন, পাহাড়ের আঞ্চলিক সংগঠনগুলোর সঙ্গে বিএনপি সরকারের কোনো বিরোধ নেই। তবে রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কর্মকাণ্ডে জড়িতদের আঞ্চলিক সংগঠনগুলো কেন আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে, সে প্রশ্নও তোলেন তিনি।
সভায় জেলার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করা, বিদ্যমান সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া এবং প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয়ের মাধ্যমে জেলার সার্বিক উন্নয়ন এগিয়ে নেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
এ সময় সেনাবাহিনীর ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মেজবাউল ইসলাম খান, জেলা প্রশাসক আনোয়ার সাদাত, মং সার্কেল চিফ সাচিংপ্রু চৌধুরী, জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।