বাঘাইছড়িতে রহস্যময় তিন ড্রোন লক্ষ্য করে বিজিবির ১৫ রাউন্ড গুলি
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙামাটির বাঘাইছড়িতে রাতের আকাশে রহস্যময় তিনটি ড্রোন শনাক্ত করে গুলি চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৭ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে মারিশ্যা জোনের (২৭ বিজিবি) হেলিপ্যাড এলাকায় ড্রোনগুলো দেখতে পেয়ে এ পদক্ষেপ নেওয়া হয়।
মারিশ্যা জোনের উপ-অধিনায়ক মেজর সাকিব ইসরাক অপূর্ব জানান, শুক্রবার রাতে হঠাৎ বিজিবির হেলিপ্যাডের ওপর তিনটি রহস্যময় ড্রোন উড়তে দেখা যায়। তাৎক্ষণিকভাবে জোনের আশপাশের সব বিওপি-ক্যাম্পকে সতর্ক করা হয়।
পরে মারিশ্যা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ-এর নির্দেশনায় ড্রোনগুলোকে ভূপাতিত করার লক্ষ্যে এলএমজি দিয়ে পরপর ১৫ রাউন্ড গুলি ছোড়া হয়। গুলির পর ড্রোনগুলো দ্রুত স্থান ত্যাগ করে দূরে সরে যায় বলে বিজিবি সূত্র জানিয়েছে।
সংশ্লিষ্টদের ধারণা, পার্বত্য অঞ্চলে বিরাজমান অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ কাজে লাগিয়ে অজ্ঞাত কোনো পক্ষ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতে পারে। তবে ড্রোনগুলোর পরিচয়, নিয়ন্ত্রণকারী পক্ষ কিংবা উড্ডয়নের উদ্দেশ্য সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ জানিয়েছেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। এ ঘটনায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সব বিওপিকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।