তিন সপ্তাহ পর আলোচনার মাধ্যমে চালু হলো কাপ্তাই আপস্ট্রিম জেটিঘাটের সাপ্তাহিক হাট
![]()
জার্নাল প্রতিবেদক
দীর্ঘ তিন সপ্তাহের অচলাবস্থা কাটিয়ে অবশেষে আবারও চালু হয়েছে রাঙামাটির কাপ্তাই আপস্ট্রিম জেটিঘাটের ঐতিহ্যবাহী সাপ্তাহিক হাট। প্রশাসনের সহযোগিতা এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে সৃষ্ট সমস্যার সমাধান হওয়ায় শনিবার (২৮ নভেম্বর) ভোর থেকে হাটের কার্যক্রম পুনরায় শুরু হয়। এতে দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে ফিরে এসেছে স্বস্তি ও প্রাণচাঞ্চল্য।
হাটটি চালু হওয়ার প্রথম দিনেই ভোর থেকে নৌ ও সড়কপথে বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা পণ্য নিয়ে আসেন। বিলাইছড়ি, বরকল, হরিণছড়া, রাঙামাটি সদর ও কাপ্তাইয়ের দুর্গম পাহাড়ি এলাকা থেকে পাহাড়ি-বাঙালি ব্যবসায়ীরা নৌপথে হাটে উপস্থিত হন। অন্যদিকে চট্টগ্রামের রাউজান, রাঙ্গুনিয়াসহ আশপাশের বিভিন্ন উপজেলা থেকে সড়কপথে পণ্য নিয়ে আসেন ব্যবসায়ীরা। সকাল থেকেই হাটে ক্রেতা-বিক্রেতাদের সরব উপস্থিতিতে জমে ওঠে বেচাকেনা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আঞ্চলিক সশস্ত্র সংগঠন জেএসএস কাপ্তাইয়ের ঠিকাদার ও ব্যবসায়ীদের কাছে বড় অঙ্কের চাঁদা দাবি করার অভিযোগ ওঠে। ব্যবসায়ীরা ওই অর্থ দিতে অস্বীকৃতি জানালে বিলাইছড়ি, রাঙামাটি সদর ও হরিণছড়াসহ আশপাশের পাহাড়ি এলাকার লোকজনকে হাটে আসতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। এর জেরে টানা তিন সপ্তাহের বেশি সময় ধরে হাটের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। এতে পাহাড়ি ও বাঙালি ব্যবসায়ীদের মধ্যে কোটি টাকার বেচাকেনা বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি দূরবর্তী এলাকার সাধারণ মানুষও নিয়মিত কেনাকাটার সুযোগ থেকে বঞ্চিত হন।
এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট সংগঠন, প্রশাসন ও ব্যবসায়ী প্রতিনিধিদের মধ্যে আলোচনা শুরু হয়। কয়েক দফা আলোচনার পর সমঝোতার মাধ্যমে অচলাবস্থার অবসান ঘটে এবং শনিবার থেকে হাটের কার্যক্রম পুনরায় চালু করা সম্ভব হয়।
রাঙ্গুনিয়া থেকে শাকসবজি নিয়ে আসা ব্যবসায়ী শুক্কর ও ইমাম হোসেন বলেন, দীর্ঘদিন পর হাট চালু হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরেছে। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হওয়ায় তাঁরা আবারও আগের মতো পণ্য কেনাবেচা করতে পারছেন।
বিলাইছড়ি থেকে আসা উচাচিং মারমা ও হরিণছড়া থেকে আসা সুজন চাকমা জানান, দীর্ঘদিন হাট বন্ধ থাকায় তাঁদের কেনাকাটা ও ব্যবসায়িক কার্যক্রমে অসুবিধা হচ্ছিল। পুনরায় হাট চালু হওয়ায় প্রয়োজনীয় পণ্য কেনাবেচার সুযোগ ফিরে পেয়েছেন তাঁরা। এতে তাঁরা সন্তোষ প্রকাশ করেন।
কাপ্তাই আপস্ট্রিম জেটিঘাট ব্যবসায়ী সমিতির সভাপতি লোকমান আহমেদ ও সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম বলেন, সংশ্লিষ্ট পাহাড়ি সংগঠন, প্রশাসন ও ব্যবসায়ী প্রতিনিধিদের মধ্যে ফলপ্রসূ আলোচনার মাধ্যমে সাপ্তাহিক হাট পুনরায় চালুর উদ্যোগ সফল হয়েছে। হাট চালু হওয়ায় ব্যবসায়ী, ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।