পাহাড়ের ১ হাজার শিশুর স্বপ্নপূরণে টেকনাফ থেকে ঢাকায় ১২ মানবতাবাদীর পদযাত্রা
![]()
জার্নাল প্রতিবেদক
পাহাড়ের দুর্গম জনপদের সুবিধাবঞ্চিত এক হাজার শিশুর জন্য শিক্ষা, আবাসন ও মানবিক সেবার সমন্বয়ে একটি নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলার স্বপ্ন নিয়ে টেকনাফ থেকে ঢাকার পথে হেঁটে চলেছেন ১২ মানবতাবাদী। মানুষের সহযোগিতা ও সমর্থন আদায়ের লক্ষ্যে শুরু হওয়া তাঁদের এই ৪৫ দিনের পদযাত্রার নাম দেওয়া হয়েছে ‘ওয়াক ফর হিউম্যানিটি’। সাদা পোশাক, হাতে জাতীয় পতাকা ও শান্তির প্রতীক সাদা নিশান নিয়ে তাঁদের এই যাত্রা মূলত পাহাড়ের পিছিয়ে পড়া শিশুদের ভবিষ্যৎ গড়ার একটি মানবিক উদ্যোগ।
গত বৃহস্পতিবার সকাল ৭টায় কক্সবাজারের টেকনাফ পৌরসভার অলিয়াবাদ জিরো পয়েন্ট চত্বর থেকে পদযাত্রাটি শুরু হয়। কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী ও ফেনীর বিভিন্ন বৌদ্ধ গ্রাম ও বৌদ্ধবিহার অতিক্রম করে ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে এ কর্মসূচি শেষ করার পরিকল্পনা রয়েছে আয়োজকদের।
এই উদ্যোগের নেপথ্যে রয়েছেন বান্দরবানের লামা উপজেলার উথোয়াইংগ্যা মারমা। ২০১০ সাল থেকে পাহাড়ের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করে আসছেন তিনি। দীর্ঘদিনের সেই প্রচেষ্টার ধারাবাহিকতায় ২০২২ সালে মাত্র ৯ জন শিশুকে নিয়ে লামায় প্রতিষ্ঠা করেন ‘রংখেদং শিশু সদন’। পরবর্তী সময়ে আলীকদমের দুর্গম সীমান্ত এলাকায় গড়ে তোলেন ‘প্রেন্নুই শিক্ষালয়’। বর্তমানে প্রতিষ্ঠান দুটিতে চাকমা, মারমা, ম্রো, বম ও খুমিসহ সাতটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর ২৬০ জন শিশু শিক্ষা ও মানবিক সহায়তা পাচ্ছে।
এই শিশুদের শিক্ষা ও জীবনযাপনে পরিবর্তনের অভিজ্ঞতা থেকেই আরও বড় পরিসরে কাজ করার স্বপ্ন দেখছেন উথোয়াইংগ্যা মারমা। তাঁর নতুন লক্ষ্য, এক হাজার সুবিধাবঞ্চিত শিশুর জন্য একটি সমন্বিত মানবিক ক্যাম্পাস প্রতিষ্ঠা করা। সেখানে শিশুদের নিরাপদ আবাসন, পুষ্টিকর খাবার, স্বাস্থ্যসেবা ও সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি জীবনমুখী শিক্ষার ব্যবস্থা থাকবে। একই সঙ্গে নিজস্ব ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য চর্চার সুযোগও তৈরি করতে চান তিনি, যাতে শিশুরা আধুনিক শিক্ষায় এগিয়ে যাওয়ার পাশাপাশি নিজেদের সাংস্কৃতিক পরিচয়ও ধরে রাখতে পারে।
উথোয়াইংগ্যা মারমা জানান, পাহাড়ের অনেক দরিদ্র পরিবার জুমচাষ ও কৃষিকাজের ওপর নির্ভরশীল। এসব পরিবারের অসংখ্য শিশু এখনো শিক্ষা, খাদ্য ও চিকিৎসার মতো মৌলিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। নিয়মিত বিদ্যালয়ে যাওয়ার সুযোগ না থাকায় তাদের একটি বড় অংশ শিক্ষার মূলধারা থেকে পিছিয়ে পড়ছে। এসব শিশুর মৌলিক অধিকার নিশ্চিত করা এবং তাদের জন্য নিরাপদ ভবিষ্যৎ গড়তেই সমাজের বিত্তবান ব্যক্তি থেকে শুরু করে সাধারণ মানুষের সহযোগিতা চাইছেন তাঁরা।
তিনি বলেন, শিশুদের জন্য একটি নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ গড়ার স্বপ্নকে মানুষের কাছে পৌঁছে দেওয়াই ৪৫ দিনের এই পদযাত্রার মূল উদ্দেশ্য। মানুষের সমর্থন ও সহযোগিতা পেলে এক হাজার শিশুর জন্য পরিকল্পিত মানবিক ক্যাম্পাস প্রতিষ্ঠার উদ্যোগ বাস্তবায়নের পথে এগিয়ে নেওয়া সম্ভব হবে। স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন তাঁদের এই যাত্রায় উৎসাহ জোগাচ্ছে বলেও জানান তিনি।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।