১ সপ্তাহের মধ্যে বিশ্ববাজারে তিন করোনা ভ্যাকসিনের সাফল্য - Southeast Asia Journal

১ সপ্তাহের মধ্যে বিশ্ববাজারে তিন করোনা ভ্যাকসিনের সাফল্য

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

অক্সফোর্ড ইউনিভার্সিটি ও ফার্মাসিউটিক্যাল কোম্পানি অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত ভ্যাকসিন ৯০ শতাংশ পর্যন্ত কার্যকর হতে পারে। যুক্তরাজ্য ও ব্রাজিলে বৃহদায়তনে পরিচালিত পরীক্ষণ কার্যক্রমে পাওয়া ফলাফলের ভিত্তিতে গত ২৩ নভেম্বর এ তথ্য জানানো হয়। এর মধ্য দিয়ে করোনা মহামারী প্রতিরোধে ফাইজার ও মডার্নার পর অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনটিও বাজারে প্রবেশের অপেক্ষায় থাকা প্রতিষেধকের তালিকায় যুক্ত হলো। এখন প্রয়োজন শুধু দরকারি অনুমোদনের। এদিকে এক সপ্তাহের মধ্যে পরপর তিনটি ভ্যাকসিনের কার্যকারিতার সুখবর প্রকাশে আশাবাদী হয়ে উঠেছেন বৈশ্বিক আর্থিক ও বিনিয়োগ খাতসংশ্লিষ্টরা। বিশেষ করে ইউরোপীয় ও মার্কিন পুঁজিবাজারে সুখবরগুলোর স্পষ্ট প্রভাব দৃশ্যমান হয়ে উঠেছে। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের সফলতার খবরে আটলান্টিকের দুই পারের সব পুঁজিবাজারেই গতকাল বড় উল্লম্ফন দেখা গিয়েছে।

পরপর তিনটি ভ্যাকসিনের সফলতার খবরে বিশ্বজুড়ে প্রত্যাশা তৈরি হয়েছে, এখন পর্যন্ত ১৪ লাখ মানুষের জীবন কেড়ে নেয়া মহামারীর ইতি ঘটতে যাচ্ছে শিগগিরই। ফলে সারা দুনিয়ার অর্থনীতিতে এরই মধ্যে যে ক্ষতের সৃষ্টি হয়েছে, সেখান থেকেও দ্রুত পুনরুদ্ধার করা যাবে বলে আশাবাদী হয়ে উঠেছেন সংশ্লিষ্টরা। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ওপরই সবচেয়ে মারাত্মক প্রভাব ফেলেছে কভিড-১৯। এরই মধ্যে দেশটিতে সংক্রমণ শনাক্তের সংখ্যা ১ কোটি ২২ লাখ ছাড়িয়েছে। মহামারীতে মৃতের নিশ্চিতকৃত সংখ্যাও আড়াই লাখের বেশি। পরপর তিনটি ভ্যাকসিনের সফল পরীক্ষামূলক গণপ্রয়োগের খবরে সবকিছু আবার স্বাভাবিক হয়ে আসার প্রত্যাশা করছেন দেশটির স্বাস্থ্য খাতসংশ্লিষ্টরা।

মার্কিন সরকারের ভ্যাকসিন উন্নয়ন ও বণ্টন কর্মসূচি অপারেশন ওয়ার্প স্পিডের চিফ সায়েন্টিফিক অফিসার মোনসেফ স্লাউয়ি জানিয়েছেন, প্রতিষেধকগুলো অনুমোদন পেয়ে যুক্তরাষ্ট্রে এর প্রয়োগ শুরু হতে হতে আগামী মাসের মাঝামাঝি পর্যন্ত সময় লেগে যেতে পারে। সেক্ষেত্রে আগামী মে মাসের মধ্যেই দেশটিতে সবকিছু স্বাভাবিক হয়ে মহামারীর আগের পর্যায়ে চলে যেতে পারবে।

সংশ্লিষ্টরা জানান, বৈশ্বিক পণ্যবাজারেও বর্তমানে পুঁজিবাজারের এ চিত্রের প্রতিফলন দেখা যাচ্ছে। আন্তর্জাতিক বাজারে বর্তমানে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে। নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে (নিমেক্স) গতকাল জানুয়ারিতে সরবরাহের চুক্তিতে প্রতি ব্যারেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ব্যারেলে ৬১ সেন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪৩ ডলার ৩ সেন্টে। অন্যদিকে একই মাসে সরবরাহের চুক্তিতে আইসিই ফিউচার্স ইউরোপে গতকাল ব্রেন্টের দাম ব্যারেলপ্রতি ৭৪ সেন্ট বেড়ে বিক্রি হয়েছে ৪৫ ডলার ৭০ সেন্টে। অন্যদিকে নিম্নমুখী হয়ে উঠেছে স্বর্ণের বাজার। নিউইয়র্ক কমোডিটি এক্সচেঞ্জের (কোমেক্স) ফিউচার মার্কেটে গতকাল দশমিক ৩ শতাংশ কমে পণ্যটি বিক্রি হচ্ছিল প্রতি আউন্স ১ হাজার ৮৬৬ ডলার ৮০ সেন্টে।