৭ দিনের মধ্যে ভ্যাকসিনের ট্রায়াল শুরু হতে পারে- স্বাস্থ্যমন্ত্রী - Southeast Asia Journal

৭ দিনের মধ্যে ভ্যাকসিনের ট্রায়াল শুরু হতে পারে- স্বাস্থ্যমন্ত্রী

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

৬ থেকে ৭ দিনের মধ্যেই করোনা ভ্যাকসিনের ট্রায়াল শুরু হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে, রাষ্ট্রীয় ভবন পদ্মায় করোনা ভ্যাকসিন হস্তান্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

এসময় স্বাস্থ্যমন্ত্রী জানান, তবে কবে নাগাদ টিকা প্রয়োগ শুরু হবে তারিখ এখনো নির্ধারণ হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনলাইনে এই টিকা প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর অনুমোদন নিয়েই টিকা প্রয়োগের তারিখ নির্ধারণ করা হবে। এছাড়াও করোনার টিকা নিয়ে কোনো আতঙ্ক বা গুজব ছড়ানোর কিছু নেই বলেও সাংবাদিকদের জানান জাহিদ মালেক।

এর আগে, বৃহস্পতিবার সকাল থেকে হযরত শাহজালাল বিমানবন্দরে শুরু হয় অপেক্ষা। ভারত থেকে আসবে বহুল প্রতীক্ষিত করোনা ভ্যাকসিন- কোভিশিল্ড। ভ্যাকসিন পরিবহণের জন্য প্রস্তুত রাখা হয় দুটি ফ্রিজার ভ্যানও। অবশেষে সকাল ১১টা ২০ মিনিটে বিমানবন্দরে নামে করোনা ভ্যাকসিনবাহী এয়ার ইন্ডিয়ার ফ্লাইট। বিমানের ১৬৭টি বক্সে এসেছে ২০ লাখ করোনার ডোজ। এর মধ্যে দিয়ে প্রথম করোনা ভ্যাকসিন এলো বাংলাদেশে।

এসময় আনুষ্ঠানিকতা শেষে বিমান থেকে নামিয়ে ভ্যাকসিনগুলো দ্রুত তোলা হয় দুটি ফ্রিজার গাড়িতে। পরে বিমানবন্দর থেকে বক্সগুলো দুটি ফ্রিজার গাড়িতে করে নেয়া হয় স্বাস্থ্য অধিদপ্তরের ওয়্যার হাউজে। পরে, রাষ্ট্রীয় অতিথিভবন পদ্মায় ভ্যাকসিন হস্তান্তরের আনুষ্ঠানিক আয়োজনে ভারতের “প্রতিবেশী প্রথম” এই নীতির ভিত্তিতেই বাংলাদেশ সর্বোচ্চ সংখ্যক ভ্যাকসিন উপহার পেল জানান ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী। আর পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন জানান, ভারতের ভ্যাকসিন উপহার দুই দেশের বন্ধুত্বের প্রমাণ। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ফেব্রুয়ারি মাসে ৬০ লাখ মানুষ পাবেন টিকা। এছাড়া, আগামী ২৫ জানুয়ারি বেক্সিমকোর মাধ্যমে আরো ৫০ লাখ ডোজ আসার কথা রয়েছে।

You may have missed