মিয়ানমার জান্তাকে গুরুতর পরিণামের হুঁশিয়ারি জাতিসংঘের, বাড়লো সু চির রিমান্ড - Southeast Asia Journal

মিয়ানমার জান্তাকে গুরুতর পরিণামের হুঁশিয়ারি জাতিসংঘের, বাড়লো সু চির রিমান্ড

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে বিক্ষোভকারীদের প্রতি কঠোর পন্থা অবলম্বন করলে ‘গুরুতর পরিণাম’ হতে পারে বলে দেশটির সেনাবাহিনীকে সতর্ক করেছে জাতিসংঘ। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) আল জাজিরার একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের মুখপাত্র ফারহান হক বলেন, ‘জাতিসংঘের বিশেষ দূত ক্রিস্টিনা শানার বার্জেনার জোর দিয়ে বলেছেন, জনগণের শান্তিপূর্ণ সমাবেশের অধিকারের প্রতি পুরোপুরি শ্রদ্ধা দেখাতে হবে এবং বিক্ষোভকারীদের সঙ্গে প্রতিহিংসা পরায়ণ আচরণ করা যাবে না। ’ ফারহান বলেন, ‘মিয়ানমারের সামরিক বাহিনীকে তিনি (ক্রিস্টিনা) জানান, বিশ্ব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং কঠোর কোনো পথ অবলম্বন করলে মারাত্মক পরিণাম হতে পারে।

মিয়ানমারে বিক্ষোভ দমনের উদ্দেশ্যে সোমবার (১৫ ফেব্রুয়ারি) দ্বিতীয়বারের মতো ইন্টারনেট বন্ধ করে দেয় সামরিক জান্তা। এরই পরিপ্রেক্ষিতে এ হুঁশিয়ারি জানায় জাতিসংঘ।

এদিকে, সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত মিয়ানমারের নেত্রী অং সান সু চিকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত রিমান্ডে রাখা হবে। মিয়ানমারের সাবেক স্টেট কাউন্সিলর ও ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) প্রধান সু চির আইনজীবীর বরাত দিয়ে গত সোমবার (১৫ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, সোমবার সু চির রিমান্ড শেষ হওয়ার কথা ছিল,কিন্তু তার আইনজীবী খিন মুং জ গণমাধ্যমকে জানান, রাজধানী নেপিডোর একটি আদালতের একজন বিচারক জানিয়েছেন, তার রিমান্ডের মেয়াদ ১৭ তারিখ পর্যন্ত।

উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি ভোরে সু চি ও দেশটির প্রেসিডেন্টসহ বেশকিছু নেতাকে গ্রেপ্তার করে এক বছরের জন্য জরুরি অবস্থা জারি করে সেনাবাহিনী। এরপর তার বিরুদ্ধে আনা হয় কয়েকটি অভিযোগ। গত ৩ ফেব্রুয়ারি সু চির বিরুদ্ধে চার্জ গঠন করে মিয়ানমারের একটি আদালত। তার বিরুদ্ধে আমদানি ও রপ্তানি আইন লঙ্ঘনের অভিযোগে মামলা করা হয়েছে। ওই মামলায় তার ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেিছল আদালত। পুলিশের দায়ের করা মামলায় বলা হয়েছে, রাজধানী নেপিদুতে সু চির বাড়িতে তল্লাশি চালানোর সময় ওয়াকিটকি রেডিও পাওয়া গেছে। এগুলো বিনা অনুমতিতে ও অবৈধভাবে আমদানি করা হয়েছে।