নানিয়ারচরে সেনাবাহিনীর উদ্যোগে শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী ও অসহায় পরিবারে মানবিক সহায়তা প্রদান
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও আর্থ-সামাজিক উন্নয়নের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে সেনাবাহিনীর নানিয়ারচর জোনের উদ্যোগে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ এবং এক অসহায় পরিবারের জন্য মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) সকাল ১১টায় আয়োজিত কর্মসূচিতে বীরশ্রেষ্ঠ মুসী আব্দুর রউফ জুনিয়র মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং শারীরিক-মানসিক বিকাশে উৎসাহিত করতে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে নানিয়ারচর জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মশিউর রহমান বিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে ক্রীড়া সামগ্রী তুলে দেন।
এ সময় তিনি শিক্ষার্থীদের সুশিক্ষার পাশাপাশি খেলাধুলা ও অন্যান্য সহশিক্ষা কার্যক্রমে নিয়মিত অংশগ্রহণের আহ্বান জানান।
একই কর্মসূচির অংশ হিসেবে জোনের দায়িত্বপূর্ণ ইসলামপুর এলাকার বাসিন্দা মোছাঃ জাহানারা বেগমের জরাজীর্ণ বসতঘর পুনর্নির্মাণের জন্য ঢেউটিন এবং ঘর নির্মাণে প্রয়োজনীয় কাঠ, পেরেক, তারকাটা ও অন্যান্য সামগ্রী কেনার জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়। জোন অধিনায়ক ভুক্তভোগীর হাতে এ সহায়তা তুলে দেন।
উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা রক্ষার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন ও মানবিক সহায়তামূলক বিভিন্ন কর্মসূচির মাধ্যমে স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে নিয়মিত কাজ করে যাচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।