উখিয়ায় গুলিতে দুই রোহিঙ্গা নেতা নিহতের ঘটনায় মামলা, ৩ রোহিঙ্গা আটক - Southeast Asia Journal

উখিয়ায় গুলিতে দুই রোহিঙ্গা নেতা নিহতের ঘটনায় মামলা, ৩ রোহিঙ্গা আটক

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের উখিয়ার জামতলী আশ্রয়শিবিরে (ক্যাম্প-১৮) দুই রোহিঙ্গা মাঝি (দলনেতা) আবু তালেব (৫০) ও সৈয়দ হোসেন (৪৩) হত্যার ঘটনায় মামলা হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে আবু তালেবের স্ত্রী তৈয়বা খাতুন (৩০) বাদী হয়ে ১৫-১৬ জনের বিরুদ্ধে এ মামলা করেন।

মামলার আসামিদের মধ্যে পাঁচজনের নাম উল্লেখ করে এবং সাত থেকে আটজনকে অজ্ঞাতনামা হিসেবে উল্লেখ করা হয়েছে। আসামিরা হলেন একই আশ্রয়শিবিরের ডি-৮ ব্লকের বাসিন্দা মাহামুদুল হাসান (২৭), সি-১ ব্লকের বাসিন্দা আবুল কালাম ওরফে জাহেদ আলম (২৫), সি-৬ ব্লকের জাফর আলম (৫৪), সি-১ ব্লকের শাহ মিয়া (৩২) ও সি-৬ ব্লকের মো. সোয়াইব (১৯)।

এর আগে গত মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে আশ্রয়শিবিরের ক্যাম্প-১৫-এর সি-৯ ব্লকের পাহাড়ে গুলি করে আবু তালেব ও সৈয়দ হোসেনকে হত্যা করা হয়। এ ঘটনার পর ওই আশ্রয়শিবিরে থমথমে অবস্থা বিরাজ করছে। মামলার এহাজারে বলা হয়েছে, মঙ্গলবার রাতে আবু তালেব ও সৈয়দ হোসেন পাহাড়ি বসতির একটি শেডের সামনে বসেছিলেন। রাত পৌনে ১২টার দিকে মুখে গামছা বাঁধা অবস্থায় মাহামুদুল হাসানের নেতৃত্বে প্রায় ১৫ জন সেখানে হামলা চালান এবং এলোপাতাড়ি গুলি ছোড়েন। এ সময় আবু তালেব ও সৈয়দ হোসন গুলিবিদ্ধ হন। হত্যা পরিকল্পনার বিষয়ে একই আশ্রয়শিবিরের সি-৪ ব্লকের সাব–মাঝি রেজাউল আলম (৪২), সি-৬ ব্লকের সাব–মাঝি মো. ইয়াছিন (৩২) এবং সি-১ ব্লকের মোহাম্মদ ইসমাইলের ছেলে ভলান্টিয়ার (রাত্রিকালীন পাহারা দলের স্বেচ্ছাসেবী) নুর মোহাম্মদ (৩২) ইন্ধন দিয়েছেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড বলে মামলার এজাহারে উল্লেখ করা হলেও আশ্রয়শিবিরের রোহিঙ্গাদের দাবি, হামলাকারীদের মধ্যে অনেকেই মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মির (আরসা) সদস্য। আশ্রয়শিবিরে আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসা নিয়ে বিরোধের জেরে এ হত্যাকণ্ড ঘটেছে বলে তাঁদের ধারণা।

নিহত আবু তালেবের ছোট ভাই আবুল কালাম অভিযোগ করে বলেন, পূর্বশত্রুতার জেরে মাহামুদুল হাসান ও জাহেদ আলমের নেতৃত্বে হামলার ঘটনা ঘটেছে। কয়েক মাস আগে মাহামুদুল ও জাহেদকে গ্রেপ্তার করেছিল পুলিশ। কারাভোগের পর সম্প্রতি জামিনে বেরিয়ে আসেন জাহেদ ও মাহামুদুল। এর পর থেকে দুজন আবু তালেবকে হত্যার হুমকি দিয়ে আসছিলেন। জাহেদ ও মাহামুদুল আরসা সদস্য বলে তিনি দাবি করেন। জাহেদ ও মাহামুদুলকে গ্রেপ্তারের বিষয়ে আবু তালেব ও সৈয়দ হোসেন পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করেছিলেন।

একই ক্যাম্পের সি ব্লকের সাব-মাঝি সব্বির আহমদ বলেন, আরসার চিহ্নিত সন্ত্রাসীরাই পরিকল্পিতভাবে দুই আবু তালেব ও সৈয়দ হোসেনকে হত্যা করেছে। এ ঘটনার পর থেকে সাধারণ রোহিঙ্গারা শঙ্কিত।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, দুই রোহিঙ্গা মাঝি হত্যার ঘটনায় গতকাল মধ্যরাতে মামলা হয়েছে। হত্যার রহস্য উদ্ঘাটন ও আসামিদের গ্রেপ্তারে পুলিশ মাঠে নেমেছে।

৩ রোহিঙ্গা আটক
এদিকে, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন জন রোহিঙ্গাকে আটকের কথা জানিয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-এপিবিএন। বৃহস্পতিবার ভোরে রোহিঙ্গা আশ্রয় ক্যাম্পগুলোতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক তিন জন হলেন– সাহ মিয়া (৩২), মো. সোয়াইব (১৯), জাফর আলম (৫৪)।

এসব তথ্য নিশ্চিত করে ৮ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন জানান, দুই রোহিঙ্গা হত্যার ঘটনায় তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের থানায় সোর্পদ করা হয়েছে। ক্যাম্পের পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল জোরদার করা হয়েছে।