জাতীয় শোক দিবস উপলক্ষে সাজেকে বিজিবির চিকিৎসা ও খাদ্যসামগ্রী বিতরণ
![]()
নিউজ ডেস্ক
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের গরীব, দুঃস্থদের মাঝে মানবিক সহায়তার অংশ হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ এর বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)।
সোমবার (১৫ আগস্ট) সাজেক ইউনিয়নের বাঘাইহাট বাজার সংলগ্ন বাঘাইহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিনামূল্যে চিকিৎসা সেবা ও খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মিজানুর রহমান।
এসময় স্থানীয় গরীব, দুঃস্থ, পাহাড়ি ও বাঙালি অর্ধশতাধিক পরিবারের মাঝে বিনামূল্যে খাদ্যসামগ্রী বিতরণ ও চিকিৎসা সেবা প্রদান করা হয়। বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, চিনি, আলু ও লবণ।
এসময় ব্যাটালিয়নের পদস্থ বিজিবি কর্মকর্তারা ছাড়াও সংবাদকর্মী ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
এদিন বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) এর মেডিকেল অফিসার ক্যাপ্টেন মো. আশরাফুল আলম এর নেতৃত্বে মেডিক্যাল টিম চিকিৎসা সেবা প্রদান ও অসুস্থ ব্যক্তিদের মধ্যে বিনামূল্যে ঔষধসামগ্রী বিতরণ করেন।