রোহিঙ্গাদের ফেরত পাঠাতে পাশে থাকার প্রতিশ্রুতি অমিত শাহের
![]()
নিউজ ডেস্ক
নির্যাতনের মুখে বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেওয়া মিয়ানমারের রোহিঙ্গাদের ফেরত পাঠাতে ভারত পাশে থাকবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
দুদিনের ভারত সফরে থাকা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাতে অমিত শাহের এমন আশ্বাসের কথা শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
শুক্রবার দিল্লির তাজ প্যালেসে দুদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাতের বিষয়ে বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ-ভারতের সীমান্ত ব্যবস্থাপনা, সীমান্ত নিরাপত্তাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ের পাশাপাশি ‘সীমান্তে হত্যা’ শূন্যে নামিয়ে আনার বিষয়টিও আলোচনা উঠে আসে।
এসময় জোরপূর্বক বাস্তুচ্যূত মিয়ানমারের নাগরিকদের তাদের নিজ দেশে ফেরত পাঠাতে ভারতের সব ধরনের সহযোগিতা থাকবে, এমন প্রতিশ্রুতির বিষয়টিও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এতে আরও বলা হয়, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে বাংলাদেশের সঙ্গে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছিল ভারত। ভবিষ্যতেও যেকোনো প্রয়োজনে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দুই দেশ পাশে থাকবে।
মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু জানান, দিল্লিতে ১৮ ও ১৯ নভেম্বর মন্ত্রী পর্যায়ের ‘নো মানি ফর টেরর’ সম্মেলনে অংশ নিতে বৃহ্স্পতিবার ভারতে যান স্বরাষ্ট্রমন্ত্রী কামাল।
এতে ৭৬টি দেশ ও আন্তর্জাতিক সংস্থা অনুষ্ঠানে অংশ নিচ্ছে। এতে রাশিয়া, ফ্রান্স, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরসহ ২০টি দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর অংশ নেওয়ার কথা।
দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার মো. মোস্তাফিজুর রহমান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব আবু হেনা মোস্তফা জামান, উপ- হাইকমিশনার মো. নুরল ইসলাম, মিনিস্টার (কনস্যুলার) সেলিম মো. জাহাঙ্গীর সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন।
রোববার স্বরাষ্ট্রমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।