বান্দরবানে সেনাবাহিনীর সাথে গোলাগুলিতে কেএনএফ সদস্য নিহত
![]()
নিউজ ডেস্ক
বান্দরবানে সেনাবাহিনীর সাথে সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সংঘর্ষে এক কেএনএফ সদস্য নিহত হয়েছে। এ সময় সেখানে পুলিশ ও সেনাবাহিনী অভিযান চালিয়ে নিহতের লাশ এবং অস্ত্র, গুলি ও সরঞ্জাম উদ্ধার করেছে।
রোববার (২৯জানুয়ারী) সকালে খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে তল্লাশি চালায়। এর আগে শনিবার সন্ধ্যায় রুমা উপজেলা সদর থেকে আট কিলোমিটার দূরে আর্থা পাড়া ও বাছলাং পাড়ার মাঝামাঝি স্থানে এ সংঘর্ষ ঘটে। সংঘর্ষের পর আতঙ্কে ওই এলাকার কয়েকটি পাড়ার শতাধিক নারী-পুরুষ রুমা উপজেলা সদরে এসে আশ্রয় নিয়েছেন।
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আলমগীর হোসেন জানান, কেএনএফের সশস্ত্র সদস্যরা পাহাড়ে অবস্থান নিয়েছে এমন খবরে সেখানে সেনাবাহিনী অভিযান চালালে অস্ত্রধারীরা সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এ সময় উভয় পক্ষে গোলাগুলিতে এক কেএনএফ সদস্য ঘটনাস্থলে নিহত হয়। তবে তার নাম ঠিকানা জানা যায়নি।