ভারতে পাচারের সময় ২ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ১ - Southeast Asia Journal

ভারতে পাচারের সময় ২ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ১

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

চুয়াডাঙ্গার জীবননগর থেকে ভ্যানে করে পাচারের সময় ২ কেজি ৩৩ গ্রাম স্বর্ণসহ শাহাবুল মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (১০ এপ্রিল) রাত ৯টার দিকে জীবননগর বিজিবি ক্যাম্পের পাশ থেকে তাকে আটক করা হয়।

আটক শাহাবুল মিয়া (৩৫) উপজেলার সদরপাড়া গ্রামের মৃত মকছেদ মণ্ডলের ছেলে। এসময় বিজিবি সদস্যরা পাচারের কাজে ব্যবহৃত ভ্যানটি জব্দ করে।

৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাসুদ পারভেজ রানার নেতৃত্বে নতুন পাড়া বিজিবি সদস্যরা জীবননগর এলাকায় ওত পেতে ছিলেন। রাত আনুমানিক ৯টার দিকে একজন ভ্যানচালক জীবননগর বিজিবি ক্যাম্পের সামনে পৌঁছালে তাকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে ভ্যানের পেছনের সিটে লুকিয়ে রাখা ২০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাসুদ পারভেজ রানা জানান, আটক স্বর্ণের বাজার মূল্য ১ কোটি ৯৯ লাখ ৭৭ হাজার ২৯২ টাকা। শুল্ক ফাঁকি দিয়ে ভারতে স্বর্ণ পাচারে পরিবহন ও নিজের হেফাজতে রাখায় অভিযুক্ত শাহাবুল মিয়াকে আটক করা হয়েছে।