বিএসএফের আপত্তির মুখে ৩ বছর বন্ধ থাকার পর বিজিবির প্রচেষ্টায় রাস্তার কাজ শুরু
![]()
নিউজ ডেস্ক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর আপত্তির মুখে ৩ বছর বন্ধ থাকার পর দিনাজপুরের বিরল সীমান্ত সংলগ্ন ৯২০ মিটার রাস্তার নির্মাণ কাজ শুরু হয়েছে। মঙ্গলবার (৪ জুন) বিকেলে বিজিবির রংপুর বিভাগের অতিরিক্ত মহাপরিচালক রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান নির্মাণ কাজের উদ্বোধন করেন।
দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. আরিফুল হক ও ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আহসান উল ইসলাম উপস্থিত ছিলেন।
বিজিবি সূত্রে প্রকাশ, দিনাজপুর সেক্টর ৪২ বিজিবির তত্ত্বাবধায়নে ২০২১ সালে ৯ ডিসেম্বর বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈনই সীমান্তে রাস্তাটি নির্মাণকাজ শুরু করা হয়। কিন্তু আন্তর্জাতিক সীমারেখার ১৫০ গজের মধ্যে হওয়ায় ভারতের বিএসএফ আপত্তির কারণে কাজ বন্ধ থাকে। অমীমাংসিত সীমারেখা নির্দিষ্ট করতে ২০২৪ সালের ২৩ মে বিজিবি-বিএসএফ এবং উভয় দেশের জরিপ বিভাগের প্রতিনিধিদের আলোচনার মাধ্যমে রাস্তার নির্মাণ কাজ করতে বিএসএফ সম্মতি প্রদান করেন।
ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর ইসলাম জানান, রাস্তাটি নির্মিত হলে সীমান্তবর্তী এলাকার জনসাধারণের কৃষ্টিপণ্য বহন ও র্দীঘদিনের চলাচল ব্যবস্থা লাঘব হবে।
বিরল উপজেলা প্রকৌশলী আনোয়ার হোসেন জানান, চলতি বছরের ১৫ মে থেকে রাস্তার কাজ শুরু করা হয়। কিন্তু নির্মাণ কাজটি সীমান্ত পিলার ৩২১/১১ এস এর সন্নিকটে হওয়ায় রাস্তার কিছু অংশ অমীমাংসিত থাকে। দুই দেশের হিমান্ত রক্ষী কর্মকর্তাদের মধ্যে সমঝোতার পর পুনরায় কাজটি শুরু করা হয়েছে। এক মাসের মধ্যেই নির্মাণ কাজ সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এদিকে নির্মাণ কাজ উদ্বোধন করে রংপুর রিজন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার শফিকুজ্জামান জানান, অমীমাংসিত সীমারেখা নির্দিষ্ট করে রাস্তাটি নির্মাণে বিজিবি-বিএসএফ কমান্ডার পর্যায়ে জোরালো আলোচনার মাধ্যমে বিএসএফ সম্মতি প্রদানে আমরা সফল হয়েছি।
তিনি আরও জানান, রাস্তার নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরকে তড়িৎ ব্যবস্থা নিতে বলা হয়েছে।