বান্দরবানে সম্প্রীতি উন্নয়নে বিভিন্ন জাতিগোষ্ঠীর সাথে সেনাবাহিনীর মতবিনিময়
![]()
নিউজ ডেস্ক
বান্দরবান পার্বত্য জেলার লামা ও আলীকদমে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন বজায় রাখার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের ৬৯ বিগ্রেড ও বান্দরবান রিজিয়নের আওতাধীন আলীকদম জোন।
লামা ও আলীকদমের সার্বিক উন্নয়নের জন্য আজ রবিবার (২৭ অক্টোবর) দুই উপজেলায় বসবাসরত বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্ত্বার (মুরং, চাকমা, মারমা, তংচঙ্গা এবং ত্রিপুরা) প্রতিনিধিদের নিয়ে আলীকদম জোনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ শওকাতুল মোনায়েম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোন উপ-অধিনায়কমেজর মোঃ মঞ্জুর মোর্শেদ।

এছাড়া সভায় বিভিন্ন জনগোষ্ঠীর প্রতিনিধি ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ইলেকট্রিক মিডিয়ার ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে এদিন জোন অধিনায়ক, পাহাড়ে বসবাসরত জাতিগোষ্ঠীর শিক্ষার সম্প্রসারণ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, সাম্প্রদায়িক কলহ ও পাহাড়ি বাঙ্গালি দ্বন্দ, নানাবিধ গুজবের প্রচার, এলাকায় রোহিঙ্গাদের অনুপ্রবেশ, পার্বত্য চট্টগ্রাম সন্ত্রাসবাদ নিরসনে মুরং এবং অন্যান্য (চাকমা, মারমা, তংচঙ্গা এবং ত্রিপুরা) জনগোষ্ঠীদের ভূমিকা, অবৈধভাবে বনজ ও খনিজ সম্পদ আহরণ, এলাকায় চাঁদাবাজী ও সন্ত্রাসী কার্যক্রমে পদক্ষেপ, মাদক চোরাচালান রোধকল্পে পদক্ষেপ, পর্যটকদের আগমন এবং টুরিস্ট গাইড হিসাবে ব্যবহার, দায়িত্বপূর্ণ এলাকার এনজিও সংস্থা সমূহের কার্যক্রম এবং ধর্মীয় অনুষ্ঠান সহায়তা সম্পর্কে আলোচনা করেন।
জোন অধিনায়ক সন্ত্রাসী কর্মকান্ড ও সকল ধরণের রাষ্ট্রবিরোধী অপপ্রচারের বিরুদ্ধে স্থানীয়দের সতর্ক থাকার আহ্বান জানান।

তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল জনসংখ্যার আপদকালীন সময় ছাড়াও ধর্মীয় বিভিন্ন কর্মকান্ডে সবসময় সর্বাত্মক সহায়তা প্রদান করে আসছে। ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য এলাকার সাধারণ জনগণের মাঝে পাশে থেকে যে কোন প্রয়োজনে সর্বদা নিরলসভাবে কাজ করে যাবে।
উল্লেখ্য, মনোরম নৈসর্গিক দৃশ্যের সমাহার ও বৈচিত্রময় সংস্কৃতি সমৃদ্ধ সম্প্রীতির বান্দরবান। বান্দরবান পার্বত্য জেলা পাহাড়ী দূর্গম এলাকা হলেও প্রাকৃতিক সম্পদ সমৃদ্ধ এবং পর্যটন শিল্প বিকাশের অপার সম্ভাবনা থাকায় এটি বাংলাদশের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা। জেলার আলীকদম ও লামা উপজেলার দূর্গম পাহাড়ি এলাকার জনগণ সাধারণত প্রকৃতির উপর নির্ভর করে জীবনযাপন করে থাকে। আধুনিক শিক্ষা, চিকিৎসাসহ অন্যান্য সামাজিক সুবিধা হতে বঞ্চিত এই এলাকার সাধারণ জনগণের যে কোন দূর্যোগ মোকাবেলায় বন্ধু হয়ে বাংলাদেশ সেনাবাহিনী পাঁচ দশকের বেশি সময় যাবৎ পাশে রয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।