নানিয়ারচরে খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, সেনা অভিযানে মিলেছে প্রাথমিক প্রমাণ

নানিয়ারচরে খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, সেনা অভিযানে মিলেছে প্রাথমিক প্রমাণ

নানিয়ারচরে খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, সেনা অভিযানে মিলেছে প্রাথমিক প্রমাণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি পার্বত্য জেলার নানিয়ারচর উপজেলা সরকারি খাদ্য গুদামের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি এলএসডি) ক্যাচাথুই মারমার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগের ভিত্তিতে সেনা অভিযানে চাঞ্চল্যকর তথ্য মিলেছে। বাংলাদেশ সেনাবাহিনীর নানিয়ারচর জোনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে সরকারি চাল ভান্ডারে ব্যাপক অনিয়ম ও ভেজালের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।

নানিয়ারচর জোন অধিনায়ক লেঃ কর্নেল মশিউর রহমান আজ রবিবার সকাল ১০টার দিকে অভিযানের নেতৃত্ব দেন। তার সঙ্গে ছিলেন জোন স্টাফ অফিসার মেজর মোঃ আসিফুর রহমান এবং নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোঃ নাজির আলম। অভিযানে উপস্থিত সেনা ও পুলিশ সদস্যদের সহযোগিতায় গুদামের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করা হয়।

অভিযানে বের হয়ে আসে, ক্যাচাথুই মারমা দীর্ঘদিন ধরে সরকারের বরাদ্দকৃত ভিজিডি, ভিজিএফ ও পুষ্টি চাল ভেজাল, নিম্নমানের আতপ চাল দিয়ে প্রতিস্থাপন করে বিতরণ করছেন। চালের প্রতিটি বস্তা থেকে শ্রমিক দিয়ে ২-৩ কেজি করে চাল গোপনে সরিয়ে রেখে বাকি চাল বিতরণ করা হয় বলেও অভিযোগ রয়েছে। এমনকি সরকারি চাউলের চালান থেকে চেক জালিয়াতির মাধ্যমেও অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। জানা গেছে, তিনি ‘প্রিয়াঙ্কা এন্টারপ্রাইজ’ নামে তার মেয়ের নামে একটি চালের ব্যবসা পরিচালনা করে থাকেন।

স্থানীয় বাসিন্দা উত্তম চাকমা বলেন, “ভিজিডি, ভিজিএফ ও টিসিবির চালে এমন পরিমাণ পচা ও পাথর মেশানো থাকে যে তা খাওয়ার অযোগ্য হয়ে পড়ে।”

এক চাল ব্যবসায়ী অভিযোগ করে বলেন, “সরকারি বরাদ্দে আসা উন্নতমানের ভিয়েতনামি চাল রানীরহাটের একটি দোকানে বিক্রি করে সেখান থেকে নিম্নমানের আতপ চাল কিনে এনে তা বিতরণ করা হয়।”

জোন অধিনায়ক লেঃ কর্নেল মশিউর রহমান বলেন, “আমরা অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে বেশ কিছু অনিয়মের সত্যতা পেয়েছি। বিষয়টি ইউএনও, জেলা খাদ্য কর্মকর্তা, দুদকের জেলা উপপরিচালক এবং থানা পুলিশকে অবহিত করা হয়েছে। যেসব কর্মকর্তা বা ব্যবসায়ী এ অনিয়মে জড়িত, তদন্ত শেষে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

উল্লেখ্য, অভিযুক্ত ক্যাচাথুই মারমা ২০১৮ সাল থেকে প্রভাবশালী জেলা পরিষদ চেয়ারম্যানের নিকটাত্মীয় পরিচয় ব্যবহার করে এসব অনিয়ম চালিয়ে আসছেন বলে স্থানীয়দের অভিযোগ। বিষয়টি এখন গোটা নানিয়ারচরে আলোচনার কেন্দ্রে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।