খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ১,১০০ কৃষকের মাঝে বিনামূল্যে আমন বীজ ও সার বিতরণ
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মুখে হাসি ফোটাতে এগিয়ে এল সরকারি কৃষি প্রণোদনা।
২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ১ হাজার ১০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে উফশী আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
বুধবার (২৪ জুন) সকাল সাড়ে ১০টায় মাটিরাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ উম্মে তাহমিনা মিতু। তিনি বলেন, “সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির মাধ্যমে কৃষকদের উৎপাদন খরচ কমানো এবং আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধি করা সম্ভব হবে। এ ধরনের সহায়তা কৃষকদের কৃষিকাজে আরও উৎসাহিত করবে এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রতিজন কৃষক প্রণোদনা হিসেবে উফশী আমন ধানের বীজ ৫ কেজি ডিএপি সার ১০ কেজি এমওপি সার ১০ কেজি।
মাটিরাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাবুদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সেলিম রানা, মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি মো. জসিম উদ্দিন জয়নাল, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. ইউনুছ নূর, মাটিরাঙ্গা পৌর বিএনপির সহ-সভাপতি নারায়ণ ত্রিপুরাসহ কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং বিপুল সংখ্যক স্থানীয় কৃষক।
এই উদ্যোগ মাটিরাঙ্গার কৃষি অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা। একই সঙ্গে মৌসুমি ধান উৎপাদনে নতুন গতি আসবে বলে মনে করছেন স্থানীয় কৃষকরা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।