রাজস্থলীর মিতিঙ্গাছড়িতে সেনাবাহিনীর মেডিক্যাল ক্যাম্প, বিনামূল্যে সেবা পেলেন ৯৫ জন
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় স্বাস্থ্যসেবার ঘাটতি পূরণে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগ অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সেনাবাহিনীর রাঙামাটি রিজিয়নের অন্তর্গত কাপ্তাই জোনের ব্যবস্থাপনায় রাজস্থলী উপজেলার মিতিঙ্গাছড়ি পাড়ায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল ১০টা থেকে দিনব্যাপী এ চিকিৎসা কার্যক্রম চলে।

কাপ্তাই জোনের রেজিমেন্টাল মেডিকেল অফিসার ও তার সহকর্মীদের নেতৃত্বে আয়োজিত এ ক্যাম্পে মোট ৯৫ জন রোগী বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন।
চিকিৎসা নিতে আসা রোগীদের মধ্যে ত্রিপুরা, তঞ্চংগ্যা ও অন্যান্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষজন ছিলেন। শুধু মিতিঙ্গাছড়ি নয়, আশপাশের বলিপাড়া, আগার পাড়া, কাপ্তাই পাড়া, উলাছড়ি, প্রীতিছড়া পাড়া, নতুন পাড়া প্রভৃতি এলাকা থেকেও অনেকে এসে চিকিৎসা সেবা নেন।

স্থানীয় হেডম্যান, ওয়ার্ড সদস্য ও পাড়ার করবারিদের সক্রিয় সহযোগিতায় এ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়।
স্বাস্থ্যসেবার মতো মৌলিক সুযোগ থেকে বঞ্চিত এ এলাকার পাহাড়ি জনগোষ্ঠীর জন্য সেনাবাহিনীর এই আয়োজন স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।

প্রসঙ্গত, রাজস্থলী উপজেলার প্রত্যন্ত এই এলাকায় কোনো স্বাস্থ্য কমপ্লেক্স, কমিউনিটি ক্লিনিক বা ওষুধের দোকান পর্যন্ত নেই। ন্যূনতম চিকিৎসার প্রয়োজনে এলাকাবাসীকে উপজেলা সদরে যেতে হয়। তাই সেনাবাহিনীর এ উদ্যোগ স্থানীয়দের মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি পার্বত্য জনগোষ্ঠীর সঙ্গে আস্থা ও সেতুবন্ধন গড়ে তুলছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।