নাইক্ষ্যংছড়িতে পারিবারিক জমি বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, পাহাড়ি-বাঙ্গালি বিরোধ নয়
![]()
নিউজ ডেস্ক
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বড়ুয়া পাড়ায় পারিবারিক জমি বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় অন্তত তিনজন আহত হয়েছেন। তবে ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বাঙ্গালি-পাহাড়ি সংঘর্ষের ভুয়া তথ্য ছড়িয়ে পড়ায় পুলিশ তা প্রত্যাখ্যান করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় দুই সহোদর পলাশ বড়ুয়া ও সন্তোষ বড়ুয়ার মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে পলাশ বড়ুয়া সাব মিয়ার সহযোগিতায় বিরোধীয় জমি দখলে গেলে সন্তোষ বড়ুয়ার পরিবার তাদের বাধা দেয়। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে এবং সন্তোষ বড়ুয়ার স্ত্রী ঝিনু বড়ুয়া ও তার ভাতিজা সুখন বড়ুয়া মারাত্মকভাবে আহত হন। খবর পেয়ে সোনাইছড়ি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের হাসপাতালে পাঠায়।
ঘটনার পরদিন শুক্রবার (৩ অক্টোবর) সন্তোষ বড়ুয়া বাদী হয়ে নাইক্ষ্যংছড়ি থানায় মামলা দায়ের করেন। মামলা নং-০১, ধারা ১৪৩/৪৪৭/৩২৩/৩২৪/৩০৭/৩৫৪/৫০৬(২) পেনাল কোডে রেকর্ড করা হয়। পুলিশ ইতোমধ্যে একজনকে গ্রেফতার করেছে এবং অন্য আসামিদের ধরতে অভিযান চালাচ্ছে।
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ জানান, এটি সম্পূর্ণ পারিবারিক ও বাঙ্গালিদের মধ্যে জমি বিরোধের ঘটনা। কিন্তু কিছু অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকরভাবে বিষয়টিকে বাঙ্গালি-পাহাড়ি বিরোধ হিসেবে প্রচার করা হচ্ছে। তিনি বলেন, “এ ধরনের গুজব ও মিথ্যা তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন। জনগণকে এসব উসকানিমূলক অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সতর্ক থাকার অনুরোধ জানাচ্ছি।”
উল্লেখ্য, পার্বত্য এলাকায় ছোটখাটো পারিবারিক বিরোধকে অনেক সময় উদ্দেশ্যমূলকভাবে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা হয়। পুলিশের এই বক্তব্যে প্রকৃত ঘটনা পরিষ্কার হওয়ায় স্থানীয়দের মধ্যে বিভ্রান্তি কমে এসেছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।