মেঘালয়ে অভিযান: ১৮ বাংলাদেশি নাগরিকসহ ২০ জন আটক, জব্দ পাঁচটি গাড়ি
![]()
নিউজ ডেস্ক
মেঘালয়ের ওয়েস্ট জৈন্তিয়া হিলস জেলায় ভারত–বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ১৮ জন বাংলাদেশি নাগরিক ও দুইজন ভারতীয় দালালকে আটক করা হয়েছে। গতকাল ২০ জানুয়ারি ভোররাতে পরিচালিত এই অভিযানে অবৈধ অনুপ্রবেশ ও পাচারচক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোট পাঁচটি যানবাহন জব্দ করা হয় বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পুলিশ সূত্রে জানা যায়, ভোর আনুমানিক ৩টার দিকে ওয়েস্ট জৈন্তিয়া হিলস জেলা পুলিশের বিশেষ টিম স্থানীয় ডেমথ্রিং গ্রামের হেডম্যান ও ভিলেজ ডিফেন্স পার্টির (ভিডিপি) সহযোগিতায় যৌথ অভিযান শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, জোয়াই এলাকা থেকে ডাউকির দিকে একাধিক গাড়িতে করে কাগজপত্রবিহীন বাংলাদেশি নাগরিকদের নিয়ে যাওয়া হচ্ছে। অভিযানের প্রথম পর্যায়ে আমলারেম এলাকার সানমালা গেস্ট হাউসের কাছে একটি গাড়ি থামিয়ে তল্লাশি চালিয়ে চারজন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। ওই গাড়িটি চালাচ্ছিলেন ডাউকির বাসিন্দা বিশাল ডিখার।
একই সময় লাড ডেমথ্রিং এলাকায় আরও একটি গাড়িসহ দুইজন ভারতীয় নাগরিক মেবান ডিখার ও মেলারি রাসমুটকে আটক করা হয়, যাদের বিরুদ্ধে পাচারে সহায়তার অভিযোগ আনা হয়েছে। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ আমলারেম বাজার এলাকায় নাকা চেকপোস্ট বসায়। সেখানে ভোর সাড়ে তিনটার দিকে আরও তিনটি গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হলে সেগুলো থেকে ১৪ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়।
পুলিশ জানায়, অভিযানে মোট পাঁচটি গাড়ি জব্দ করা হয়েছে এবং ১৮ জন বাংলাদেশি নাগরিক, দুইজন ভারতীয় দালাল ও পাঁচজন গাড়িচালককে হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় অভিবাসন ও বিদেশি আইন, ২০২৫ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে এবং সকলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ওয়েস্ট জৈন্তিয়া হিলস জেলার পুলিশ সুপার এক বিবৃতিতে বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। তিনি অবৈধ অনুপ্রবেশ ও মানবপাচার রোধে স্থানীয় হেডম্যান ও ভিলেজ ডিফেন্স পার্টিগুলোর সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।
প্রসঙ্গত, ভারত–বাংলাদেশ সীমান্তবর্তী মেঘালয়ের এই অঞ্চলটি দীর্ঘদিন ধরেই অবৈধ অনুপ্রবেশ ও পাচারের একটি সংবেদনশীল করিডোর হিসেবে পরিচিত, যার বিরুদ্ধে সম্প্রতি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে নজরদারি ও অভিযান জোরদার করেছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।