আসামে মাদকবিরোধী যৌথ অভিযানে ১ লাখ ৩০ হাজার ইয়াবা জব্দ, আটক ৩
![]()
নিউজ ডেস্ক
ভারতের উত্তর–পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের কাছাড় জেলায় যৌথ অভিযানে প্রায় ৩৯ কোটি টাকা মূল্যের ১ লাখ ৩০ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে আসাম রাইফেলস ও রাজস্ব গোয়েন্দা অধিদপ্তর (ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স–ডিআরআই)। এ ঘটনায় ত্রিপুরার বাসিন্দা তিনজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
কর্তৃপক্ষ জানায়, জাতীয় মহাসড়ক–৩০৬ ব্যবহার করে মাদক পাচারের নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২০ নভেম্বর গভীর রাতে যৌথ বাহিনী অভিযান চালায়। অভিযানের সময় কাছাড় জেলার মধ্য দিয়ে চলাচলরত দুটি টাটা ট্রাক থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিকালে ট্রাকগুলোর ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় মোট ১ লাখ ৩০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অভিযানে আটক তিনজনই ত্রিপুরার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মাদক, ব্যবহৃত যানবাহন এবং অন্যান্য আলামত পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য ডিআরআইয়ের কাছে হস্তান্তর করা হয়েছে। মাদকগুলোর উৎস, গন্তব্য এবং এর সঙ্গে জড়িত বৃহত্তর পাচারচক্র শনাক্তে বিস্তারিত তদন্ত চলছে।
কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, ইয়াবা একটি কৃত্রিম মাদক, যাতে মেথামফেটামিন ও ক্যাফেইন থাকে। উত্তর–পূর্ব ভারতের বিভিন্ন রাজ্য দীর্ঘদিন ধরেই এই মাদকের পাচারের ট্রানজিট রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং জাতীয় মহাসড়কগুলো পাচারকারীদের অন্যতম প্রধান চলাচল পথ।
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে আসাম ও পার্শ্ববর্তী উত্তর–পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে মাদক পাচার রোধে কেন্দ্রীয় ও রাজ্য সংস্থাগুলোর সমন্বিত অভিযান জোরদার করা হয়েছে, যার অংশ হিসেবেই এই বড় ধরনের ইয়াবা জব্দের ঘটনা ঘটল।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।