ড্রোন-ধ্বংসী ব্যাকপ্যাক লেজার অস্ত্র উন্মোচন করল চীন
![]()
নিউজ ডেস্ক
আধুনিক যুদ্ধক্ষেত্রে ড্রোনের দাপট ঠেকাতে এবার পিঠে বহনযোগ্য বা ব্যাকপ্যাক লেজার অস্ত্র উন্মোচন করেছে চীন।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইচালিত এ অস্ত্রটি কেবল ৪ সেকেন্ডে যে কোনো ড্রোন পুড়িয়ে ভূপাতিত করতে পারে, যা সামরিক প্রতিরক্ষায় বড় পরিবর্তন আনতে যাচ্ছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট।
আকাশ থেকে ড্রোন গুলি করে নামানোর উপযোগী পোর্টেবল এ লেজার অস্ত্র উন্মোচন করেছে চীনের সামরিক সরঞ্জাম সরবরাহকারী এক কোম্পানি।
চীনের সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের তথ্য অনুসারে, গেল সপ্তাহে বেইজিংয়ে অনুষ্ঠিত এক অস্ত্র মেলায় এ প্রযুক্তিটি দেখিয়েছে ‘হারবিন শিনগুয়াং অপটিক-ইলেকট্রনিক্স টেকনোলজি’ নামের চীনা কোম্পানি। যন্ত্রটি সহজেই ব্যাগে ভরে বহন করা সম্ভব।
প্রথাগত গোলাবারুদের তুলনায় অনেক সাশ্রয়ী ও প্রতিটি শটে কম খরচ হওয়ায় বর্তমানে অস্ত্রশস্ত্রে সজ্জিত ড্রোনের বিরুদ্ধে প্রতিরক্ষায় উচ্চ সক্ষমতাওয়ালা লেজারের ব্যবহার দিন দিন বাড়ছে।
উচ্চ শক্তির জোগান ও শীতলীকরণ ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে ড্রোন-বিধ্বংসী বিভিন্ন লেজার আকারে বড় হয়, যা একজনের পক্ষে বহন করা সম্ভব নয়।
‘লিজিয়ান’ নামের এ নতুন বহনযোগ্য মডেলটি লক্ষ্যবস্তু শনাক্ত করতে এআই ব্যবহার করে এবং এরইমধ্যে চীনের কিছু সামরিক ঘাঁটিতে তা মোতায়েনও হয়েছে।
২৫ কেজি ওজনের এ অস্ত্রের লেজারের সক্ষমতার সীমা বা রেঞ্জ প্রায় পাঁচশ মিটার, যা স্থায়ীভাবে এক জায়গায় বসানো লেজার মডেলগুলোর তুলনায় প্রায় অর্ধেক।
সীমিত রেঞ্জ হওয়ার পরও অস্ত্রটি কেবল চার সেকেন্ডের মধ্যে ড্রোন পুড়িয়ে ধ্বংস করতে পারে এবং পরবর্তী শট নেওয়ার আগে এর কুলিং বা ঠান্ডা হতে পাঁচ সেকেন্ডেরও কম সময় লাগে।
‘হারবিন শিনগুয়াং অপটিক-ইলেকট্রনিক্স টেকনোলজি’ বলেছে, এসব ইউনিট ‘পরিচালনা করা বেশ সহজ এবং এগুলোকে দ্রুত মোতায়েন ও সরিয়ে নেওয়া সম্ভব’।
মার্চে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানার এক প্লেন ঘাঁটির ওপর অনেক সংখ্যায় ‘অপরিচিত ড্রোন’ ওড়ার খবর পাওয়া যায়, যা পরবর্তীতে সেখানে ড্রোন-বিধ্বংসী লেজার সিস্টেম মোতায়েনের আলোচনাকে উস্কে দিয়েছে।
অন্যদিকে, ড্রোনের আক্রমণ থেকে আরও ভালোভাবে সুরক্ষা নিশ্চিত করতে আগামী বছর নিজেদের চারটি যুদ্ধজাহাজে ‘ড্রাগনফায়ার’ লেজার অস্ত্র যোগের পরিকল্পনা ঘোষণা করেছে যুক্তরাজ্য।
২০২২ সালে রাশিয়ার আগ্রাসনের পর থেকে ইউক্রেইন যুদ্ধে এ প্রতিরক্ষা কৌশলটি দিন দিন আরও জনপ্রিয় হয়ে উঠেছে। ড্রোন, লেজার ও গ্রাউন্ড রোবটের দ্রুত বিকাশ বর্তমান আধুনিক যুদ্ধক্ষেত্রের রূপ সম্পূর্ণ বদলে দিচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।