ইইউতে মুসলিম ব্রাদারহুডকে নিষিদ্ধের আহ্বান, ফরাসি সংসদে প্রস্তাব পাস

ইইউতে মুসলিম ব্রাদারহুডকে নিষিদ্ধের আহ্বান, ফরাসি সংসদে প্রস্তাব পাস

ইইউতে মুসলিম ব্রাদারহুডকে নিষিদ্ধের আহ্বান, ফরাসি সংসদে প্রস্তাব পাস
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ওপর চাপ দিতে ফরাসি সরকারকে আহ্বান জানিয়েছে দেশটির জাতীয় পরিষদ। বৃহস্পতিবার এ বিষয়ে একটি অবাধ্যতামূলক (নন-বাইন্ডিং) প্রস্তাব পাস হয়েছে।

সংসদের নথি অনুযায়ী, রক্ষণশীল দল লে রেপাবলিকার আইনপ্রণেতারা প্রস্তাবটি উত্থাপন করেন। এতে ইইউকে ব্রাদারহুড-সংশ্লিষ্ট নেটওয়ার্কের বিরুদ্ধে সম্পদ জব্দ, অর্থায়নে বিধিনিষেধ ও নিরাপত্তা নজরদারি জোরদারের আহ্বান জানানো হয়।

তবে বামপন্থি দল ফ্রান্স আনবোউড এ প্রস্তাবের বিরোধিতা করেছে। দলটির সদস্যরা সতর্ক করে বলেন, এতে মুসলমানদের কলঙ্কিত করার ঝুঁকি রয়েছে এবং ধর্মীয় চর্চার সঙ্গে উগ্রবাদকে গুলিয়ে ফেলার আশঙ্কা তৈরি হতে পারে।

এ ভোটের পেছনে রয়েছে ২০২৫ সালে ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সতর্কবার্তা। সেখানে নাগরিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও উপাসনালয়ে ব্রাদারহুড-ঘনিষ্ঠ প্রভাবের অভিযোগ তুলে ধরা হয়। এর পর থেকেই অর্থায়ন ও সাংগঠনিক কার্যক্রমে কঠোর নজরদারির দাবি জোরালো হয়।

বর্তমানে ইউরোপীয় ইউনিয়ন মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেনি। এ বিষয়ে ইইউ প্রতিষ্ঠানগুলোও তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। তবে অস্ট্রিয়া, জার্মানি ও বেলজিয়ামসহ কয়েকটি সদস্যরাষ্ট্র ‘রাজনৈতিক ইসলাম’-এর সঙ্গে যুক্ত বলে সন্দেহভাজন গোষ্ঠীগুলোর ওপর কঠোর নিয়ন্ত্রণের পক্ষে অবস্থান নিয়েছে।

ইউরোপের বাইরে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ব্রাদারহুড-ঘনিষ্ঠ কয়েকটি সংগঠনকে সন্ত্রাসী হিসেবে ঘোষণা করেছে। তাদের দাবি, এসব গোষ্ঠীর সঙ্গে হামাসের সম্পর্ক রয়েছে। একইভাবে বাহরাইন, মিসর, জর্ডান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত মুসলিম ব্রাদারহুডকে পুরোপুরি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।