অরুণাচলে সেনা ক্যাম্পের ভেতর ভারতীয় সেনা কর্মকর্তার মরদেহ উদ্ধার
![]()
নিউজ ডেস্ক
ভারতের উত্তর–পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল প্রদেশের লোহিত জেলার তেজুতে অবস্থিত ৯ম রাজপুত ব্যাটালিয়নের ক্যাম্পের ভেতর এক ভারতীয় সেনা কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে ঘটনাটি ঘটে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ব্যাটালিয়নের এক সেনা কর্মকর্তার কাছ থেকে ফোনে খবর পেয়ে তেজু থানার উপপরিদর্শক এইচ. জুগলি পুলিশের একটি দল নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। ক্যাম্পের ভেতরের একটি জঙ্গলাকীর্ণ এলাকায়, অফিসার ব্যারাকের পেছনে প্রায় ৫০০ মিটার দূরে একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই সেনা কর্মকর্তার মরদেহ পাওয়া যায়।
নিহত সেনা কর্মকর্তার পরিচয় নিশ্চিত করে পুলিশ জানায়, তিনি লেফটেন্যান্ট রোহিত জেবিসো (২৮)। তিনি অরুণাচল প্রদেশের পশ্চিম কামেং জেলার থ্রিজিনো থানার অধীন বুরাগাঁও গ্রামের বাসিন্দা এবং প্রয়াত লেফটেন্যান্ট দর্জে জেবিসোর ছেলে।
ঘটনাস্থলে আইনানুগ প্রক্রিয়া অনুযায়ী সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য তেজু জোনাল জেনারেল হাসপাতাল পাঠানো হয়। সেখানে সিনিয়র মেডিকেল অফিসার ডা. এ. ক্রি ময়নাতদন্ত সম্পন্ন করেন। তবে ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন এখনো পাওয়া যায়নি।
এ ঘটনায় তেজু থানায় একটি অপমৃত্যুর মামলা (অস্বাভাবিক মৃত্যু) রুজু করা হয়েছে। সেনা কর্মকর্তা কী পরিস্থিতিতে মৃত্যুবরণ করেছেন, তা নির্ধারণে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে ভারতের উত্তর–পূর্বাঞ্চলে বিভিন্ন সেনা স্থাপনায় অস্বাভাবিক মৃত্যুর ঘটনা নিয়ে প্রশাসনিক ও নিরাপত্তা মহলে উদ্বেগ বাড়ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।