কাফরুল ও ভাষানটেকে যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার ২

কাফরুল ও ভাষানটেকে যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার ২

কাফরুল ও ভাষানটেকে যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার ২
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাজধানীর কাফরুল ও ভাষানটেক এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত পৃথক যৌথ অভিযানে ২টি পিস্তল ও ১টি রিভলভার উদ্ধার করা হয়েছে। এসব অভিযানে দুইজনকে গ্রেফতার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, গত ২২ জানুয়ারি ২০২৬ তারিখে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর কাফরুল এলাকায় মধ্যরাত থেকে শুরু করে দিনব্যাপী একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোহাম্মদ বিল্লাল হোসেন (৩৫), ওরফে আলিফ হোসেন বাবু নামের একজনকে গ্রেফতার করা হয়। এ সময় ভিন্ন ভিন্ন স্থান থেকে ২টি বিদেশি পিস্তল, ৮ রাউন্ড পিস্তলের গোলাবারুদ, ৪৫ রাউন্ড .২২ ক্যালিবার গোলাবারুদ এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

অন্যদিকে, একই দিনে মধ্যরাতে রাজধানীর ভাষানটেক এলাকায় পৃথক আরেকটি যৌথ অভিযানে মোঃ মাহাবুর (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ১টি বিদেশি রিভলভার, ৩ রাউন্ড রিভলভারের গোলাবারুদ, ২ রাউন্ড পিস্তলের গোলাবারুদ এবং ২টি পিস্তলের ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর নেতৃত্বে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে এ ধরনের যৌথ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।

প্রসঙ্গত, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী অপরাধ দমন কার্যক্রম জোরদার রেখেছে এবং যে কোনো সন্দেহজনক বা অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনাক্যাম্প বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed