সিলেটে র্যাবের বিশেষ অভিযান, অস্ত্র ও বিস্ফোরকসহ গ্রেফতার ২
![]()
নিউজ ডেস্ক
নির্বাচনকে কেন্দ্র করে জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেটে বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র ও বিস্ফোরকসহ দুজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (২৬ জানুয়ারি) সকালে এক সংবাদ সম্মেলনে র্যাব জানায়, রোববার সুনামগঞ্জ সদর থানায় পরিচালিত এক অভিযানে ২৮০ রাউন্ড শর্টগানের কার্তুজসহ দুজনকে গ্রেফতার করা হয়। এ সময় গুলি পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যানও জব্দ করা হয়।
অন্যদিকে সিলেটের জৈন্তাপুর উপজেলার একটি পরিত্যক্ত বাসা থেকে ২০টি পাওয়ার জেল বিস্ফোরক, ১০টি ডেটোনেটর এবং দেশীয় প্রযুক্তিতে তৈরি একটি পাইপগান উদ্ধার করা হয়েছে।
র্যাব-৯ এর অধিনায়ক উইং কমান্ডার তাজমিনুর রহমান চৌধুরী বলেন, ‘নির্বাচনকালীন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী র্যাব মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। আসনভিত্তিক টহল কার্যক্রমের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে।’
তিনি আরও বলেন, উপজেলা ভিত্তিক গোয়েন্দা টিম মাঠ পর্যায়ে সক্রিয় থাকবে। কোনো নিরীহ ব্যক্তিকে যেন গ্রেফতার করা না হয়, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে এখন পর্যন্ত সিলেটে ৭৮টি পৃথক অভিযানে ১২২টি বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করা হয়। এসব অভিযানে অন্তত ১৫ জনকে গ্রেফতারও করা হয় বলে জানায় র্যাব।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।