নির্বাচনী নিরাপত্তা জোরদারে কক্সবাজার–সিলেটে পরিস্থিতি ঘুরে দেখলেন সেনাপ্রধান
![]()
নিউজ ডেস্ক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষ্যে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন এবং ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’-এর আওতায় মোতায়েনরত সেনাসদস্যদের কার্যক্রম পরিদর্শনের লক্ষ্যে আজ কক্সবাজার ও সিলেট এরিয়া পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
সফরকালে তিনি মাঠপর্যায়ে দায়িত্বে নিয়োজিত সেনাসদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং নির্বাচনকালীন দায়িত্ব পালনে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে তিনি সংশ্লিষ্ট অসামরিক প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনের অংশ হিসেবে সেনাবাহিনী প্রধান কক্সবাজারে বাংলাদেশ ইনস্টিটিউট অব এডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ফাউন্ডেশন আঞ্চলিক কেন্দ্রের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।
পরবর্তীতে সিলেট জেলা প্রশাসনের সম্মেলন কক্ষেও অনুরূপ একটি সভা অনুষ্ঠিত হয়। এসব সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

মতবিনিময়কালে সেনাবাহিনী প্রধান দায়িত্ব পালনে পেশাদারিত্ব, রাজনৈতিক নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য এবং নাগরিকবান্ধব আচরণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী অসামরিক প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবে, যাতে সাধারণ মানুষ নিরাপদ ও ভয়মুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।

কক্সবাজার ও সিলেট এরিয়া পরিদর্শনকালে জেনারেল অফিসার কমান্ডিং, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড; জিওসি, ১০ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, কক্সবাজার এরিয়া; এয়ার অধিনায়ক, বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার; সেনাবাহিনীর সামরিক সচিব; কমান্ড্যান্ট, এসআইএন্ডটি; জিওসি, ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সিলেট এরিয়াসহ সেনাসদর ও সংশ্লিষ্ট এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া বিভাগীয় কমিশনারগণ, অসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরাও সভায় অংশ নেন।
প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং সেনাবাহিনী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয়ে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।