‘মিয়া’ মন্তব্যে বিতর্ক, আসামের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে হস্তক্ষেপ চায় মুসলিম পার্সোনাল ল বোর্ড

‘মিয়া’ মন্তব্যে বিতর্ক, আসামের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে হস্তক্ষেপ চায় মুসলিম পার্সোনাল ল বোর্ড

‘মিয়া’ মন্তব্যে বিতর্ক, আসামের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে হস্তক্ষেপ চায় মুসলিম পার্সোনাল ল বোর্ড
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সাম্প্রতিক ‘মিয়া’ মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড (এআইএমপিএলবি)। সংগঠনটি এই মন্তব্যকে বাংলা ভাষাভাষী মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষমূলক ও উসকানিমূলক আখ্যা দিয়ে ভারতের সুপ্রিম কোর্টের স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপ এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে সাংবিধানিক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে।

এক বিবৃতিতে এআইএমপিএলবির মুখপাত্র এসকিউআর ইলিয়াস বলেন, মুসলিম সম্প্রদায়কে লক্ষ্য করে এই ধরনের বক্তব্য রাজনৈতিক পরিসরে ঘৃণাভাষণ ও প্রকাশ্য উসকানি স্বাভাবিক করে তোলার একটি বিপজ্জনক প্রবণতার অংশ। তাঁর ভাষায়, এক সময় যে বক্তব্যগুলো প্রান্তিক মহলে সীমাবদ্ধ ছিল, এখন তা সাংবিধানিক গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিদের মুখেও শোনা যাচ্ছে। উত্তরাখণ্ড, উত্তর প্রদেশের পর এবার আসামের মুখ্যমন্ত্রীর মন্তব্য সেই ধারাবাহিকতারই উদাহরণ বলে দাবি করেন তিনি।

বোর্ডের অভিযোগ, টিনসুকিয়ায় একটি সরকারি অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে মুখ্যমন্ত্রী ‘মিয়া’ সম্প্রদায়কে হয়রানির মাধ্যমে আসাম ছাড়তে বাধ্য করার আহ্বান জানান। একই সঙ্গে বিশেষ পুনঃনিরীক্ষণ (এসআর) প্রক্রিয়ার সময় বিজেপি কর্মীদের মাধ্যমে পাঁচ লাখের বেশি অভিযোগ জমা পড়েছে বলেও উল্লেখ করেন তিনি, যা মূলত বাংলাদেশি বংশোদ্ভূত বলে চিহ্নিত বাংলা ভাষাভাষী মুসলমানদের লক্ষ্য করেই করা হয়েছে বলে এআইএমপিএলবির দাবি।

এআইএমপিএলবি এই মন্তব্যকে ‘মুসলিমবিরোধী ও গভীরভাবে বিভাজনমূলক’ আখ্যা দিয়ে সুপ্রিম কোর্টকে বিষয়টি স্বতঃপ্রণোদিতভাবে বিবেচনার আহ্বান জানিয়েছে। পাশাপাশি রাষ্ট্রপতির কাছে আসামের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে উপযুক্ত সাংবিধানিক ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে বোর্ড সতর্ক করেছে, এ বিষয়ে নীরবতা ভবিষ্যতে আরও ঘৃণাভাষণকে উৎসাহিত করতে পারে এবং সামাজিক অস্থিরতা বাড়াতে পারে।

এছাড়া বোর্ড ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও সাধারণ জনগণকে বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনার আহ্বান জানিয়ে একে ‘বৈষম্যের প্রকাশ্য আহ্বান’ হিসেবে অভিহিত করেছে এবং সাংবিধানিক মূল্যবোধ রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে।

প্রসঙ্গত, আসামে নাগরিকত্ব, বিদেশি চিহ্নিতকরণ ও ভাষাগত পরিচয়কে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক ও সামাজিক উত্তেজনা বিরাজ করছে, যার প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রীর এই মন্তব্য নতুন করে বিতর্ক ও উদ্বেগের জন্ম দিয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।