আনন্দ-উৎসবে মুখর কাচালং বিজিবি স্কুলের বার্ষিক বনভোজন
![]()
নিউজ ডেস্ক
রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়িতে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে মারিশ্যা জোন (২৭ বিজিবি) পরিচালিত কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের বার্ষিক বনভোজন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
আজ শনিবার স্থানীয় ‘এগত্তর পার্কে’ দিনব্যাপী এই বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি ও মারিশ্যা জোনের জোন অধিনায়ক লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ।

সকাল থেকেই বনভোজন স্থলে শিক্ষার্থীদের পদচারণায় প্রাণচাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খেলাধুলা, বিনোদন ও নানা আয়োজনে দিনটি শিক্ষার্থীদের জন্য হয়ে ওঠে স্মরণীয়।
বনভোজনের পাশাপাশি আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা গান, নৃত্য, আবৃত্তি ও নাটক পরিবেশন করে তাদের সুপ্ত প্রতিভার প্রকাশ ঘটায়। শিক্ষার্থীদের পরিবেশনা উপস্থিত অতিথি ও অভিভাবকদের দৃষ্টি কাড়ে।
আয়োজকদের মতে, এ ধরনের সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও দলগত চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোন উপ-অধিনায়ক মেজর এম শাহিনুর রহমান, ভারপ্রাপ্ত অপস অফিসার ক্যাপ্টেন অমিত কুমার সাহা, এবং সহকারী পরিচালক ও কোয়ার্টার মাস্টার মোহাম্মদ হাফিজুর রহমান। এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা স্বতঃস্ফূর্তভাবে অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানের শেষ পর্বে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।
এ সময় বক্তব্যে লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও নৈতিক বিকাশে পাঠ্য শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা অত্যন্ত জরুরি। তিনি ভবিষ্যতেও শিক্ষার্থীদের মনোবল বৃদ্ধি ও সুস্থ বিনোদন নিশ্চিত করতে এ ধরনের সৃজনশীল আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রসঙ্গত, সীমান্তবর্তী দুর্গম এলাকায় শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ বিকাশে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুল নিয়মিতভাবে শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।