নির্বাচনী ডিউটির মাঝেই ঝরে গেল জীবন, রাঙামাটির জুরাছড়িতে আনসার সদস্যের মৃত্যু
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলার জুরাছড়ি উপজেলায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালনকালে হঠাৎ অসুস্থ হয়ে আনসার বাহিনীর এক সদস্যের মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকেল আনুমানিক ৩টা ৪৫ মিনিটে জুরাছড়ি উপজেলা ভবনের সামনে অসুস্থ হয়ে পড়েন আনসার সদস্য নং–১৬৩৪৫ সুবেদার এরশাদ আলী (৫৯)।
নির্বাচনী ডিউটির অংশ হিসেবে জুরাছড়ি উপজেলায় দায়িত্ব পালনে আসা সুবেদার এরশাদ আলী অসুস্থ হয়ে পড়লে সঙ্গে থাকা অন্যান্য আনসার সদস্যরা দ্রুত তাকে জুরাছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান করলেও কিছুক্ষণ পর তাকে মৃত ঘোষণা করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ফয়সাল জানান, হাসপাতালে আনার আগেই সুবেদার এরশাদ আলীর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। চিকিৎসকদের ভাষ্যমতে, তার মৃত্যু স্বাভাবিক বলে মনে হলেও বিষয়টি যাচাই করা হচ্ছে।
নিহত সুবেদার এরশাদ আলীর বাড়ি টাঙ্গাইল জেলায়। তিনি হাজাছড়া আনসার ক্যাম্পে কর্মরত ছিলেন।
জানা গেছে, নির্বাচনী দায়িত্ব পালনের জন্য সুবলং হয়ে জুরাছড়ি যাওয়ার পথে নৌকায় অবস্থানকালে শনিবার বিকেল পৌনে চারটার দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে জুরাছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সুবেদার এরশাদ আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচনী প্রশিক্ষণ কর্মকর্তা গোলাম রাব্বানী। এ ঘটনায় আনসার বাহিনী ও স্থানীয় প্রশাসনের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
প্রসঙ্গত, পার্বত্য অঞ্চলের দুর্গম উপজেলাগুলোতে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষা ও ভোটগ্রহণ নির্বিঘ্ন করতে আনসার ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঝুঁকিপূর্ণ পরিবেশে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।