রামগড়ে চাঁদা আদায় করতে এসে জনতার হাতে ইউপিডিএফ চাঁদাবাজ আটক, গণধোলাই
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলায় চাঁদা আদায় করতে আসা প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন আঞ্চলিক উপজাতি সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফের এক চাঁদাবাজকে আটক করে স্থানীয় জনতা গণধোলাই দিয়েছে। পরে বিজিবি তাকে উদ্ধার করে থানায় হস্তান্তর করে।
জানা গেছে, গুরুতর আহত অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ১২টার দিকে উপজেলার ১নং রামগড় ইউনিয়নের লালছড়ি এলাকায় চাঁদা সংগ্রহের উদ্দেশ্যে সুপায়ন মারমা (৫০) নামে এক ইউপিডিএফ চাঁদাবাজ একটি কালভার্ট নির্মাণকাজের স্থানে যান। নির্মাণকাজটির ঠিকাদার মো. ইসমাঈল হোসেন, যিনি স্থানীয় ইউপি সদস্য। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় উপস্থিত লোকজনকে নানা হুমকি দেন ওই চাঁদাবাজ। এ সময় স্থানীয় জনগণ ক্ষিপ্ত হয়ে তাকে আটক করে গণধোলাই করে বলে অভিযোগ রয়েছে।

আটক ব্যক্তির বাড়ি খাগড়াছড়ি জেলার লক্ষিছড়ি উপজেলার মরমছড়ি গ্রামে। তার কাছ থেকে একটি চাঁদা আদায়ের রসিদ বই, উত্তোলিত চাঁদার ৩ হাজার ৩৫৭ টাকা, দুটি মোবাইল ফোন (একটি স্মার্টফোন ও একটি বাটন ফোন) এবং একটি ছুরি উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
খবর পেয়ে বিজিবির রামগড় জোনের (৪৩ বিজিবি) আওতাধীন খাগড়াবিল সিআইও ক্যাম্পের একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হেফাজতে নেয়। পরে তাকে সেখান থেকে নিয়ে এসে রামগড় থানায় হস্তান্তরও করে বিজিবি।
তবে থানায় নেওয়ার সময় তার শারীরিক অবস্থা অবনতি হওয়ায় প্রথমে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা শেষে অবস্থার আরও অবনতি হলে সন্ধ্যা ৬টার দিকে যথাযথ নিরাপত্তাযোগে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজির আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, এ বিষয়ে এখনো কোন অভিযোগ বা মামলা হয় নি, তবে সুপায়ন মারমার চিকিৎসার পর বিষয়টি নিয়ে যথাযথ পদক্ষেপ গ্রহন করা হবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।