মণিপুরে সাঁড়াশি অভিযানে নিষিদ্ধ গোষ্ঠীর সদস্য আটক; বিপুল অস্ত্র উদ্ধার
![]()
নিউজ ডেস্ক
ভারতের মণিপুর রাজ্যে বিদ্রোহী নেটওয়ার্কের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর অভিযান জোরদার করা হয়েছে। গত ২২ ও ২৩ ফেব্রুয়ারি পরিচালিত সমন্বিত অভিযানে নিষিদ্ধ সংগঠন কাঙ্গলেইপাক কমিউনিস্ট পার্টি (মিলিটারি ফ্যাকশন–এমএফএল)-এর এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার এবং বিপুল পরিমাণ আধুনিক অস্ত্র, গুলি ও যোগাযোগ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
গতকাল সোমবার (২৩ ফেব্রুয়ারি) ইম্ফল পূর্ব জেলার লামলাই থানার আওতাধীন লামলাই মামাং লেইকাই সামু লামবেল এলাকা থেকে খাইদেম জয়চন্দ্র মেইতেই ওরফে ইনাওচা (৫৫) নামে কেসিপি (এমএফএল)-এর এক সক্রিয় সদস্যকে আটক করা হয়।

এসময় তার কাছ থেকে একে সিরিজ রাইফেলের জন্য ৭.৬২x৩৯ মিমি ক্যালিবারের ৫০ রাউন্ড জীবন্ত গুলি উদ্ধার করা হয়েছে বলে কর্মকর্তারা জানান।
উপত্যকা জেলাগুলোতে সক্রিয় আন্ডারগ্রাউন্ড নেটওয়ার্ক ভেঙে দেওয়ার প্রচেষ্টায় এ গ্রেপ্তারকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
একই দিনে থৌবল জেলার খোংজোম থানার অধীন তেন্থা এরেল চিং এলাকা থেকে পৃথক অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে—একটি এসএমজি কারবাইন (ম্যাগাজিনসহ), তিনটি বোল্ট-অ্যাকশন রাইফেল, দুটি সিঙ্গেল-ব্যারেল ব্রিচ-লোডিং বন্দুক, একটি .৩২ পিস্তল (ম্যাগাজিনসহ), একটি .৩২ জীবন্ত গুলি, একটি ৯ মিমি ব্ল্যাঙ্ক কার্তুজ এবং তিনটি হেলমেট।
এর আগের দিন রোববার (২২ ফেব্রুয়ারি) চান্দেল জেলার চাকপিকারং থানার অধীন টি. বল্লোক ও এল. মলহোই গ্রামের মধ্যবর্তী এলাকায় তল্লাশি চালিয়ে আরও অস্ত্র ও যোগাযোগ যন্ত্র উদ্ধার করা হয়।
এর মধ্যে ছিল—একটি জি-৩ রাইফেল (খালি ম্যাগাজিনসহ), তিনটি দেশীয় লাথোদ বন্দুক, দুটি সিঙ্গেল-ব্যারেল বন্দুক, তিনটি দেশীয় পম্পি শেল, চারটি পম্পি গান, দুটি দেশীয় কারবাইন (খালি ম্যাগাজিনসহ), দুটি ম্যাগাজিন পাউচ, একে রাইফেলের জন্য ৭.৬২ মিমি ক্যালিবারের ৫৫ রাউন্ড জীবন্ত গুলি, আটটি বাওফেং রেডিও সেট এবং একটি খাপসহ ছুরি।
নিরাপত্তা সূত্রগুলো বলছে, রাজ্যের দুর্গম ও অর্ধ-বনাঞ্চল এলাকায় মিলিট্যান্ট গোষ্ঠীগুলোর অস্ত্র মজুদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তল্লাশি ও অভিযান আরও জোরদার করা হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।