প্রায় দুই বছর পর চালু হলো ত্রিপুরা–বাংলাদেশ আন্তঃসীমান্ত বাস সার্ভিস

প্রায় দুই বছর পর চালু হলো ত্রিপুরা–বাংলাদেশ আন্তঃসীমান্ত বাস সার্ভিস

প্রায় দুই বছর পর চালু হলো ত্রিপুরা–বাংলাদেশ আন্তঃসীমান্ত বাস সার্ভিস
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার কারণে প্রায় দুই বছর বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে ত্রিপুরা–বাংলাদেশ আন্তঃসীমান্ত বাস সার্ভিস। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এ সেবা পুনরায় চালু হওয়ায় দুই দেশের মধ্যে যোগাযোগ পুনঃস্থাপনে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

কলকাতা থেকে ঢাকা হয়ে ত্রিপুরাগামী একটি বাস নয়জন যাত্রী নিয়ে আগরতলার আখাউড়া চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশ করে। সেখানে বাসটিকে স্বাগত জানান ত্রিপুরা রাজ্যের পরিবহনমন্ত্রী সুশান্ত চৌধুরী।

এ সময় তিনি বলেন, দুই দেশের জনগণের জন্য এটি আনন্দের মুহূর্ত। বাংলাদেশে অস্থিরতার কারণে বাস চলাচল বন্ধ ছিল। নতুন সরকার গঠনের পর পুনরায় এ সেবা চালু হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন।

মন্ত্রী আরও বলেন, ত্রিপুরা ও বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক গভীর। সীমান্তের ওপারের পরিস্থিতি সরাসরি ত্রিপুরায় প্রভাব ফেলে। তিনি বাংলাদেশের নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেন, দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে।

তিনি জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান-কে অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রেখে কাজ করছেন।

বাস ও ভিসা সেবা পুনরায় চালু হওয়ায় বাণিজ্য, ব্যবসা, সাংস্কৃতিক বিনিময় ও জনগণের পারস্পরিক যোগাযোগ আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছে ত্রিপুরা সরকার। সংশ্লিষ্টরা মনে করছেন, এ উদ্যোগ বাংলাদেশ–ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন গতি দেবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।