আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাঘাইহাটের মিতিংগাছড়িতে জেএসএস–ইউপিডিএফের মধ্যে গোলাগুলি
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট এলাকায় দুই আঞ্চলিক সশস্ত্র সংগঠনের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, আজ বৃহস্পতিবার বিকেল আনুমানিক ৪টা ১৫ মিনিটে বাঘাইহাটস্থ ভূয়াছড়ি এলাকার ওপর মিতিংগাছড়ি নামক স্থানে এ গোলাগুলি শুরু হয়।
জানা যায়, সন্তু লারমার নেতৃত্বাধীন পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী সংগঠন জনসংহতি সমিতি (জেএসএস) কমান্ডার বরুন চাকমা ও অর্জুন ত্রিপুরার নেতৃত্বে প্রায় ৩৫–৪০ জন এবং প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ (ইউপিডিএফ)’র কমান্ডার ডাক্তার প্রীতি চাকমা, রিডিং চাকমা ও প্রমেস চাকমার নেতৃত্বে প্রায় ৪০–৪৫ জন সদস্যের মধ্যে এ সংঘর্ষের সূত্রপাত হয়।
প্রাথমিক তথ্যে জানা গেছে, উভয় পক্ষের মধ্যে আনুমানিক ৭০০ থেকে ৮০০ রাউন্ড গুলি বিনিময় হয়েছে। প্রতিবেদন লেখা পর্যন্ত থেমে থেমে গোলাগুলি চলার খবর পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
এলাকাটি দুর্গম পাহাড়ি হওয়ায় তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য সংগ্রহে কিছুটা জটিলতা রয়েছে। নিরাপত্তা বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।