রাঙামাটির বিলাইছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
![]()
নিউজ ডেস্ক
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুর্গম পাহাড়ি এলাকার অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। রাঙামাটি পার্বত্য জেলার বিলাইছড়িতে সেনাবাহিনীর বিলাইছড়ি জোনের উদ্যোগে উপজেলার প্রত্যন্ত ধুপশীল এলাকায় ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় আয়োজিত এ মানবিক সহায়তা কার্যক্রমে স্থানীয় অসহায় মুসলিম পরিবারের হাতে সেমাই, চিনি ও অন্যান্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন বিলাইছড়ি জোন সদরের সেনা কর্মকর্তারা।
দুর্গম পাহাড়ি পথ অতিক্রম করে প্রত্যন্ত এলাকায় পৌঁছে সেনাবাহিনীর এই সহায়তা কার্যক্রম স্থানীয়দের মাঝে ঈদের আনন্দ আরও বাড়িয়ে দেয়।
স্থানীয় বাসিন্দারা জানান, পাহাড়ের প্রতিকূল পরিবেশে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করা অনেক সময় কঠিন হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে সেনাবাহিনীর পক্ষ থেকে ঈদ সামগ্রী পাওয়ায় তারা উপকৃত হয়েছেন। তারা বলেন, সেনাবাহিনীর এই আন্তরিক সহযোগিতা শুধু তাৎক্ষণিক সহায়তাই নয়, বরং জনগণের সঙ্গে বাহিনীর সম্পর্ককে আরও দৃঢ় করেছে।
বিলাইছড়ি জোন কর্তৃপক্ষ জানায়, সীমান্ত নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো তাদের দায়িত্বের অংশ। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে জোনের আওতাধীন অন্যান্য দুর্গম এলাকাতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে, যাতে দুস্থ পরিবারগুলো স্বাচ্ছন্দ্যে ও আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করতে পারে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।