কক্সবাজারের মেরিন ড্রাইভে ট্যুরিস্ট জিপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১
নিহত মো. অলিউল্লাহ
![]()
নিউজ ডেস্ক
কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগর এলাকায় ট্যুরিস্ট জিপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক আরোহী নিহত এবং একজন আহত হয়েছেন।
আজ রোববার (১ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে রামু উপজেলার দরিয়ানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন হিমছড়ি পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ উপ-পরিদর্শক প্রভাকর বড়ুয়া।
নিহত মো. অলিউল্লাহ (৩৮) টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের নয়াপাড়ার আলী মিয়ার ছেলে। তিনি পেশায় জমি ব্যবসায়ী ছিলেন। একসময় মাদ্রাসায় শিক্ষকতাও করেছেন বলে জানা গেছে।
আহত আমির হোসেন (৫০) একই এলাকার বাসিন্দা। তিনিও জমি বেচাকেনা ব্যবসার সঙ্গে জড়িত।
পুলিশ জানায়, স্থানীয়দের বরাতে জানা গেছে দুপুরে টেকনাফমুখী একটি ট্যুরিস্ট জিপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই এক আরোহী নিহত হন এবং অপরজন গুরুতর আহত হন।
এসআই প্রভাকর বড়ুয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। দুর্ঘটনার পরপরই জিপ চালক পালিয়ে যায়। পুলিশ দুর্ঘটনাকবলিত দুটি যানবাহন জব্দ করেছে। নিহতের মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।