খাগড়াছড়ির ঠাকুরছড়ায় প্রমিলা প্রীতি ম্যাচে বান্দরবান ইয়ং স্টারের জয়
![]()
নিউজ ডেস্ক
উৎসবমুখর পরিবেশে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ। গতকাল মঙ্গলবার বিকেলে জেলা সদরের ঠাকুরছড়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ ম্যাচকে ঘিরে ক্রীড়াপ্রেমীদের মধ্যে ছিল ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনা।
ম্যাচে অংশ নেয় খাগড়াছড়ি ফুটবল একাডেমি ও বান্দরবান ইয়ং স্টার ফুটবল একাডেমি। শুরু থেকেই দুই দলের খেলোয়াড়রা দারুণ নৈপুণ্য প্রদর্শন করেন। আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠে মাঠের লড়াই। নির্ধারিত সময়ের খেলায় দুই দলই ১-১ গোলে সমতায় থাকায় ম্যাচের ফল নির্ধারণে গড়ায় টাইব্রেকারে।
টাইব্রেকারের শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ৬-৪ গোলে জয় নিশ্চিত করে বান্দরবান ইয়ং স্টার ফুটবল একাডেমি। এতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে দলটি। অপরদিকে খাগড়াছড়ি ফুটবল একাডেমি দারুণ লড়াই করেও শেষ পর্যন্ত রানারআপ হয়।
খাগড়াছড়ি ফুটবল একাডেমির সভাপতি রেভিলিয়াম রোয়াজার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা হারুন অর রশিদ।
তিনি বলেন, নারীদের ফুটবল চর্চা বাড়াতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণীদের খেলাধুলায় সম্পৃক্ত করতে সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য মো. নজরুল ইসলাম, ঠাকুরছড়া উচ্চ বিদ্যালয়-এর প্রধান শিক্ষক কার্নেজী চাকমা এবং জেলা প্রমিলা ফুটবল কোচ জ্যোতিষ বসু ত্রিপুরা। তারা খেলোয়াড়দের প্রশংসা করে বলেন, পাহাড়ে নারী ফুটবলের সম্ভাবনা উজ্জ্বল—প্রয়োজন নিয়মিত প্রশিক্ষণ ও পৃষ্ঠপোষকতা।
মাঠজুড়ে দর্শকদের করতালি, উল্লাস ও উৎসাহে পুরো আয়োজনটি রূপ নেয় প্রাণবন্ত ক্রীড়া উৎসবে। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের প্রীতি ম্যাচের আয়োজন করা হবে, যাতে জেলার নারী ফুটবলাররা নিজেদের দক্ষতা আরও বিকশিত করতে পারেন।
প্রসঙ্গত, খাগড়াছড়ির ক্রীড়াঙ্গনে এ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ নতুন উদ্দীপনা সঞ্চার করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।