সিলেটের বিয়ানীবাজারে ডিজেল কেনার চেষ্টা, ভারতীয় ট্রাক জব্দ
![]()
নিউজ ডেস্ক
সিলেটের বিয়ানীবাজারের শেওলা স্থলবন্দরে অবৈধভাবে ভারতীয় মুদ্রা রুপি দিয়ে জ্বালানি তেল কেনার চেষ্টার অভিযোগে একটি ভারতীয় ট্রাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ট্রাকচালককে আটক করা হলেও পরে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
বিজিবি জানিয়েছে, আটক ট্রাকচালকের নাম নিখিল দাস (৪৫)। তিনি ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ জেলার কালাইন থানার লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত জলধর দাস।
সূত্র জানায়, গত শনিবার সন্ধ্যায় নিখিল দাসের পাথরবোঝাই ট্রাক বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) অধীনে থাকা শেওলা আইসিপি দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। পাথর খালাস করার পর ট্রাকটি ভারতে ফেরার পথে জ্বালানি সংকটে পড়ে। এ সময় তিনি বাংলাদেশে অবস্থিত ‘নাদিয়া স্টোর’ নামের একটি দোকান থেকে ভারতীয় রুপি দিয়ে ডিজেল কেনার চেষ্টা করেন।
বিষয়টি বিজিবির নজরে এলে তারা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে ট্রাকটি জব্দ করে। পরে ট্রাকচালককে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। তবে ট্রাকটি এখনো বিজিবির জিম্মায় রয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে বিজিবির কোনো কর্মকর্তার আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।